ভাঙড়ের বামুনিয়া বিস্ফোরণ মামলার তদন্তে নতুন করে সক্রিয় হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ- NIA)। বৃহস্পতিবার সকাল থেকে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা-র বাড়ি, দলীয় কার্যালয় এবং একাধিক স্থানে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি চালানো হয় তাঁর ভাইয়ের বাড়িতেও। ইতিমধ্যেই আটক করা হয়েছে শওকতের ছেলেকে। তবে দীর্ঘ সময় ধরে অভিযান চললেও শওকতের খোঁজ মেলেনি। ফলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, গ্রেপ্তারের আশঙ্কায় তিনি কি আত্মগোপন করেছেন?
এনআইএ সূত্রে খবর, তদন্তকারীরা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। একইসঙ্গে শওকতের ভাই আবু জাফরের বাড়িতেও একটি দল তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়ায় একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। সেই মামলার তদন্তভার পরে এনআইএ-র হাতে যায়। তদন্তে অগ্রগতি আনতে সম্প্রতি এই সংস্থা তৃণমূল নেতা আহিদুল ইসলাম-কে গ্রেপ্তার করে।
সেই তদন্তের সূত্র ধরেই বৃহস্পতিবার ভাঙড় ও সংলগ্ন এলাকায় একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়।
স্থানীয়দের দাবি, এনআইএ পৌঁছানোর আগেই শওকত মোল্লা এলাকা ছেড়ে বেরিয়ে যান। পরে তদন্তকারীরা তাঁর বাড়িতে প্রবেশ করে তল্লাশি শুরু করেন। বাড়ির পাশাপাশি দলীয় কার্যালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট স্থানেও নথি ও তথ্য সংগ্রহের কাজ চলে।
এদিকে শওকতের ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন ‘অরণ্যের কূলে’ নামের ক্যাফেতেও তল্লাশি চালায় এনআইএ। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, নদী ভরাট করে ওই ক্যাফে নির্মাণ করা হয়েছে। তদন্তকারীরা সেই দিকটিও খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর।
একই সময়ে বামুনিয়া বিস্ফোরণস্থল সংলগ্ন এলাকায়ও একাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়। ধৃত নেতা আহিদুল ইসলামের বাড়িতেও এনআইএ-র একটি দল পৌঁছে নথি ও অন্যান্য তথ্য সংগ্রহ করেছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অভিযানের সময় তদন্তকারীদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এসেছে, যা মামলার তদন্তে নতুন সূত্র দিতে পারে।





