Header AD

‘বদল নয়, বদলা চাই, ভোটবাক্সে বদলা চাই’, হরিপালে বিজেপির বিরুদ্ধে চড়া সুর মমতার

cm haripal

“২০১১-এ বলেছিলাম বদলা নয়, বদল চাই। আর এবার বলছি, বদল নয়, বদলা চাই, ভোটবাক্সে বদলা চাই। গণতন্ত্রে বদলা চাই।” হরিপালের সভা থেকে এই ভাষাতেই বিজেপিকে চড়া সুরে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলা যায় কার্যত, বিজেপির বিরুদ্ধে নতুন স্লোগান বেঁধে দিলেন তিনি। এর সঙ্গে বঙ্গভোটে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে কেন্দ্রকে বিঁধে তিনি বলেন, ৩ বছর ধরে, মণিপুর অশান্ত। পহেলগাঁও ঠকাতে পারোনি, বাংলার ভোটে সাঁজোয়া গাড়ি পাঠিয়েছ। ২ লক্ষ সেট্রাল পুলিশ এসেছে।”

তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘পহেলগাঁওয়ে এসে জঙ্গিরা আমাদের মেরে যায়। মোদীবাবু পাকিস্তানকে আক্রমণ করতে পারেন না। আর বাংলায় ভোটের জন্য সাঁজোয়া গাড়ি এনেছে! কিসে লাগে? পহেলগাঁওয়ের সময় সাঁজোয়া গাড়ি কোথায় ছিল? মণিপুরে তিন বছর ধরে শান্তি নেই। সেখানে এই গাড়ি পাঠান।’’

সভা থেকে বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, ‘‘বিজেপি রাজনৈতিক গিরগিটি। এলাকায় এলাকায় টাকা পাঠাচ্ছে। ওটা কালো টাকা। কেউ নেবেন না। নিলেও ভোট দেবেন না। এরা সব রাজনৈতিক গিরগিটি, টিকটিকি। ” একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে কটাক্ষ করে তিনি গর্জে ওঠেন, ‘‘গায়ের জোরে কেন্দ্রীয় বাহিনী ছাপ্পা ভোট দেবে। আমি ওদের বলব, রাজনীতি করবেন না। আমরা আপনাদের স্যালুট করি। আপনারা দেশরক্ষা করেন। কেন্দ্রীয় বাহিনী নাকি ‘বিজেপি জিন্দাবাদ’ বলে এখন! এত দুঃসাহস হয় কী করে?’’

মঙ্গলবার ভোররাতে প্রথমদফার ট্রাইবুনালে নিষ্পত্তির তালিকা প্রকাশ করেছে কমিশন। সভা থেকে এই বিষয়ে মমতা বলেন, ‘‘প্রথম দফার ভোটার তালিকা আজ দিয়েছে। যাঁদের কাল ভোট আছে, সকলে ভাল করে তালিকা দেখে নেবেন।’’