বিধানসভায় এখনও মেলেনি বিরোধী দলনেতার ঘর। কিন্তু তাই বলে বিধানসভায় বিরোধীদলের ভূমিকায় কোনও খাদ রাখতে চান না বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার বিধানসভায় গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবগঠিত বিজেপি সরকারের কুরবানি নিয়ে ফতোয়ার বিরোধিতা করে সরব হন। পাশাপাশি আসন্ন বকরি ইদে রাস্তায় নমাজ পড়া যাবে না বলে যে সরকারি নির্দেশিকা জারি হয়েছে তারও সমালোচনা করেন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধীদলনেতা বলেন, সংখ্যালঘুদের মধ্যে কুরবানি নিয়ে অসন্তোষ রয়েছে। তারা বলছে, আমাদের প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হয়নি। যে বয়সের গরু কুরবানির জন্য বেছে নেওয়ার কথা বলা হচ্ছে ( পড়ুন ১৪ বছর) এই বয়সের গরু কাটে না। কারণ তাদের শরীর খারাপ হয়ে যায়। ৭/৮ বছর বয়স হয়ে গেলে গরু আর দুধও দেয়না। সেই গরু কাটা হয়। অসুস্থ গরু কাটা হয়না। সেই কারণে অনেক মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেছেন, এবার ছাগল কেটে কুরবানি পালন করার কথা। যাতে কোনও উত্তেজনা তৈরি না হয় শান্তি বজায় থাকে সেই জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সেটা একদিক থেকে ভাল।”
এরপর তিনি ব্রিগেডে নমাজ পড়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি শুনলাম বলা হয়েছে রেড রোডে নয় ব্রিগেডে নমাজ পড়তে হবে। তার একটাই অসুবিধা-ওদের ৪০-৪৫ মিনিট সময় লাগে। তার মধ্যে বৃষ্টি হয়ে মাঠে জলকাদা হলে চরম অসুবিধা হবে। এইজন্যই রেডরোডে করা হত।এতদিন ধরে যে নিয়মটা চলে আসছে তা বদলাতে সারকুলার এসেছে। এই সারকুলার মানতে গেলে পরবর্তী সময়ে কিন্তু আরও অনেক কিছু মানতে হতে পারে। অনেক ধর্মীয় অনুষ্ঠান রাস্তায় হয়- দুর্গা পুজো, কালীপুজো, সরস্বতী পুজো- সেগুলোর কী হবে?”





