Header AD

NRS হাসপাতালে ছাদের অংশ ভেঙে পড়ে আতঙ্ক! সিসিইউ বন্ধ, রোগী সরানো হল অন্যত্র

NRs accident

সরকারি হাসপাতালে আবারও দুর্ঘটনার ঘটনা সামনে এল। এবার ঘটনাস্থল নীলরতন সরকার (NRS) মেডিক্যাল কলেজ। শুক্রবার সকালে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এর পাঁচতলায় হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এতে সিসিইউ-র মেঝেতেও ফাটল দেখা দেয়। যদিও এই ঘটনায় কোনও রোগী বা কর্মী আহত হননি, তবুও পুরো ওয়ার্ডজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই সিসিইউ-তে ভর্তি থাকা ১২ জন রোগীকে দ্রুত অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়। নিরাপত্তার কারণে আপাতত ওই ইউনিটে নতুন করে রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে।

এই ঘটনার পর এনাস্থেশিওলজি বিভাগের প্রধান হাসপাতালের সুপারকে চিঠি দিয়ে অবিলম্বে পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিষয়টি পূর্ত দপ্তরকে জানিয়েছে এবং দ্রুত সংস্কারের কাজ শুরু করার প্রক্রিয়া চলছে। মেরামত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ইউনিটটি বন্ধই থাকবে।

উল্লেখ্য, এর আগেও রাজ্যের অন্য একটি সরকারি হাসপাতালে (RGKar Medical College & Hospital) লিফট দুর্ঘটনায় মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এনআরএসে এই নতুন দুর্ঘটনা স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।