আইপিএল চলাকালীনই সানরাইজার্স হায়দরাবাদ (SRH) শিবির ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে গেলেন দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। পিঠের চোটের কারণে এখনও পর্যন্ত টুর্নামেন্টে একটি ম্যাচেও খেলতে পারেননি এই অজি পেসার।
১৮ কোটি টাকায় কামিন্সকে দলে ধরে রেখেছিল হায়দরাবাদ। যদিও আগেই জানা গিয়েছিল, আইপিএলের (IPL2026) প্রথম পর্বে তিনি বল করতে পারবেন না। তবুও দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই দেশে ফিরে যাওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর, কামিন্সের চোটের চিকিৎসার দায়িত্ব নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তার ফিটনেস যাচাই করতেই তাকে দেশে ফিরতে হয়েছে। সেখানে একাধিক শারীরিক পরীক্ষা করা হবে এবং তার রিপোর্ট পেতে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে। সব কিছু ঠিক থাকলে ১৭ এপ্রিলের পর আবার দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।
এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া বোর্ডের নির্দেশিকা নিয়েও প্রশ্ন উঠছে। জানা গেছে, কামিন্সসহ একাধিক অজি ক্রিকেটারকে আইপিএলের প্রথম পর্বে বল না করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বিপুল অর্থ ব্যয় করে খেলোয়াড় দলে নিলেও তাদের পুরোপুরি ব্যবহার করতে পারছে না ফ্র্যাঞ্চাইজিগুলি।
কামিন্সের এই ঘটনা ঘিরে অন্যান্য অজি ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে ক্যামেরন গ্রিনকেও (Cameron Green) একই কারণে দেশে ডাকা হতে পারে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।





