বাংলা কবিতার স্বতন্ত্র কণ্ঠস্বর হিসেবে পরিচিত কবি প্রসূন ব্দন্যোপাধ্যায় (Prasun Bandyopadhyay) এবার সম্মানিত হতে চলেছেন সাহিত্য অকাদেমি (Sahitya Akademi) পুরস্কারে। তাঁর কাব্যগ্রন্থ ‘শ্রেষ্ঠ কবিতা’–র জন্য এই মর্যাদাপূর্ণ সম্মান পাচ্ছেন তিনি। বুধবার পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণার পর থেকেই বাংলা সাহিত্যজগতে আনন্দের সুর—অনেকেই বলছেন, দীর্ঘদিনের সৃজনশীল অবদানের যথাযথ স্বীকৃতি পেলেন কবি।
সোমবার ২৪টি ভারতীয় ভাষায় এ বছরের সাহিত্য অকাদেমি পুরস্কারের তালিকা প্রকাশ করেছে অকাদেমি কর্তৃপক্ষ। ঘোষিত তালিকায় রয়েছে ছয়টি ছোটগল্পগ্রন্থ, একটি প্রবন্ধগ্রন্থ, একটি সমালোচনা সাহিত্য, একটি আত্মজীবনী, দুটি স্মৃতিকথা এবং আটটি কাব্যগ্রন্থ। এই তালিকায় বাংলা ভাষার প্রতিনিধিত্ব করছেন গত শতাব্দীর সত্তরের দশকের অন্যতম উল্লেখযোগ্য কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়।
সত্তরের দশকে প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থ ‘বালি ও তরমুজ’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। শুরু থেকেই স্বতন্ত্র ও গভীর কবিস্বরের মাধ্যমে তিনি বাংলা কবিতায় নিজস্ব জায়গা তৈরি করেন। পরবর্তী সময়ে ‘উত্তর কলকাতার কবিতা’ তাঁকে বাংলা কাব্যধারায় স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে। বর্তমানে তিনি তাঁর অগ্রন্থিত কবিতাগুলি সংগ্রহ ও সম্পাদনার কাজ করছেন—পুরনো প্রকাশিত ও অপ্রকাশিত লেখা একত্র করে নতুনভাবে সাজানোর পরিকল্পনাও রয়েছে তাঁর।





