Header AD
Trending

ভোররাতে অভিষেকের কালীঘাটের বাড়িতে তালা ভেঙে ‘তল্লাশি’ শালবনী থানার পুলিশের, খবর পেয়ে হাজির মমতাও

ab-ranibandh

ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তল্লাশি অভিযান শালবনী থানার পুলিশের। তালা ভেঙে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে ঢোকেন পুলিশ আধিকারিকরা। সেই সময় বাড়ির বাইরে ঘিরে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজে নাকি তল্লাশি চালিয়েছে পুলিশ। খবর পেয়ে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলিশ সূত্রে খবর, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার থেকেই সূত্র পেয়ে সুমিতের খোঁজে তল্লাশি চলছে। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়ির ঠিকানার খোঁজ পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে শালবনী থানার বিশাল পুলিশবাহিনী রাত আড়াইটে নাগাদ ডিএসপির নেতৃত্বে প্রথমে কালীঘাট থানায় পৌঁছয়। সেখানে প্রথমে জিডি করা হয়। এরপর ভোর তিনটে নাগাদ অভিষেকের বাড়িতে পৌঁছয় পুলিশবাহিনী। ছিলেন মহিলা আধিকারিক।

তল্লাশি চলাকালীন যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে খবর দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে। এরপরই অভিষেকের বাড়ি ঘিরে ফেলে বিশাল কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, বেশ কিছুক্ষণ বাড়ির সদস্যদের ডাকাডাকি করা হয়। কারও সাড়াশব্দ না পেয়ে অবশেষে তালা ভাঙার সিদ্ধান্ত নেয় পুলিশ। তালা ভেঙে অভিষেকের বাড়িতে ঢোকে পুলিশ। সকাল আটটা নাগাদ সেখান থেকে বেরিয়ে যায় শালবনী থানার পুলিশ।

সংবাদমাধ্যমের কাছে অভিষেকের দাবি, “তালা ভেঙে ঢুকে আমার পুরো বাড়ি ওরা তল্লাশি করেছে। সব রেকর্ড রয়েছে। তদন্তে সহযোগিতা করেছি। কাউকে লুকিয়ে রেখেছে কিনা সেই উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিতে জিজ্ঞাসা করুন।”

এদিকে, তল্লাশি অভিযানের খবর পাওয়ামাত্রই গাড়ি চড়ে তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা বাড়ির ভিতরে ঢুকে যান। সূত্রের খবর, অভিষেকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁর। কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। যদিও তল্লাশি প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে একটি কথাও বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়।