রাজ্যে রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ-প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বড় পদক্ষেপ করল নতুন সরকার। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করলেন, রাজ্যের পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হচ্ছে। তাঁর কথায়, “আগে শাসকের শাসন ছিল, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হবে।”
মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার দক্ষিণ ২৪ পরগনায় প্রথম প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগারওয়াল (Manoj Kumar Agarwal), জেলাশাসক, ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, পুলিশ ও প্রশাসনকে কোনও রাজনৈতিক দলের প্রভাবমুক্ত করাই সরকারের প্রধান লক্ষ্য।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিরোধীদের অভিযোগ ছিল, বামফ্রন্ট ও তৃণমূল আমলে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। বিরোধীদের অভিযোগ গুরুত্ব না দেওয়া, মিথ্যা মামলায় গ্রেপ্তার, কিংবা শাসকদলের সুবিধার্থে প্রশাসনকে কাজে লাগানোর মতো অভিযোগ বারবার উঠেছে। রাজনৈতিক মহলের মতে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে “নিরপেক্ষ প্রশাসন” গড়ে তোলার বার্তাই দিল নতুন সরকার।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় বা রাজ্য সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভোট-পরবর্তী হিংসা, নারী নির্যাতন কিংবা পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগেও প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, রাজ্যে প্রশাসনিক কাঠামোয় আরও একাধিক বদল আনার পরিকল্পনা করছে সরকার, যাতে সাধারণ মানুষের আস্থা ফেরানো যায় পুলিশি ব্যবস্থার উপর।





