নেপালে নতুন সরকারের শপথগ্রহণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বড় রাজনৈতিক ঘটনা ঘটল। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (K P Sharma Oli) ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে (Ramesh Lekhok) ভোররাতে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ৩৫ বছর বয়সি বলেন্দ্র শাহ (Balendra Shah) নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সাম্প্রতিক নির্বাচনে বিপুল সাফল্য পেয়ে প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসে। দেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন জি’-র সমর্থনই এই জয়ের মূল চাবিকাঠি বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে দেশজুড়ে আন্দোলনের জেরে কেপি ওলি প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। পরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি (Shushila Karki)। এরপর চলতি বছরের ৫ মার্চ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ১৬৫টি আসনে ৬৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।
ওলির বিরুদ্ধে অভিযোগ, আন্দোলনের সময় হিংসা নিয়ন্ত্রণে তিনি ব্যর্থ হন। একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী, গুলিচালনা বন্ধ করতে না পারার ফলে অন্তত ১৯ জনের মৃত্যু হয়। এই অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। তবে ওলি এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, নতুন সরকারের পক্ষ থেকে প্রতিহিংসার রাজনীতি করতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও প্রশাসন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
এদিকে সূত্রের খবর, এই ঘটনায় আরও কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রাক্তন পুলিশ কর্তা চন্দ্র কুবের খাপুং-সহ আরও অনেকের গ্রেপ্তারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার বার্তাও দিয়েছেন তিনি।





