Header AD
Trending

সোমবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বাড়বে!উত্তরবঙ্গে সপ্তাহান্তে জারি দুর্যোগের লাল সতর্কতা

thunder lighting

বৃহস্পতিবার দুপুর হতেই কলকাতার আকাশ ঢেকেছিল কালো মেঘে। দিনেদুপুরে নেমে এসেছিল আঁধার। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তুমুল বৃষ্টি (Thunderstorm)। সঙ্গে ঘনঘন বাজও পড়তে শুরু করে। আবহাওয়া ও পরিবেশ বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী এদিন দুঘণ্টায় ৩৭৭টি বাজ পড়েছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। জারি হয় বজ্রপাতের লাল সতর্কতা। বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। যদিও শুক্রবার শহরের আকাশ ছিল রোদঝলমলে। হালকা মেঘের আনাগোনা দেখা গেলেও তা থেকে বৃষ্টি হয়নি। তবে কি দুর্যোগ কাটল কলকাতার আকাশ থেকে? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সপ্তাহান্তে কলকাতায় বৃষ্টি খানিক কমলেও সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে।কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে (weather update)।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব ও পূর্বমধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সপ্তাহান্তে দুর্যোগের লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে এই সব জেলায় অতি ভারী বৃষ্টি হবে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। বাড়বে নদীর জল স্তর। নীচু এলাকা প্লাবিত হবার আশঙ্কা রয়েছে বলে জানান আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তর দিনাজপুর জেলাতেও রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। দার্জিলিং-সহ বাকি জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার থেকে ফের লাল সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা দার্জিলিং, কোচবিহার-সহ ৫ জেলায়। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটারের বেশি।