ছাব্বিশের নির্বাচনের (election2026) আগে নিজস্ব রাজনৈতিক দল গঠনের ঘোষণা করলেন রাজন্যা হালদার (Rajanya Haldar)। বৃহস্পতিবার বিকেলে কলকাতার প্রেস ক্লাবে (Kolkata Press Club) সাংবাদিক বৈঠক করে তিনি জানান, তাঁর নতুন দলের নাম ‘জনসংগ্রাম মঞ্চ।‘ পাশাপাশি, কোন কোন আসনে তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করবে, তাও স্পষ্ট করে দেন তিনি।
একুশে জুলাইয়ের মঞ্চে তীক্ষ্ণ ভাষায় বক্তব্য পেশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দৃষ্টি আকর্ষণ করেছিলেন রাজন্যা। খুব অল্প সময়ের মধ্যেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন এবং তৃণমূলের তরফে দায়িত্বও পান। তবে আরজিকর (R g Kar) ইস্যুতে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করে বিতর্কের মুখে পড়েন তিনি। ঠিক যতটা দ্রত তাঁর উত্থান, সেভাবেই হারিয়ে যান রাজনীতি থেকে। তৃণমূল (TMC) তাঁকে সরিয়ে দেয়। বারবার বিভিন্ন ইস্যুতে মুখ খুলে, আত্মপক্ষ সমর্থন করে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তাতে লাভ হয়নি। এরপর তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও শোনা যায়। এমনকি বিজেপির (BJP) একাধিক নেতার সঙ্গে কথাবার্তাও হয়েছিল বলে জানা যায়। সোশ্যাল মিডিয়াতেও সেই ইঙ্গিত মিলেছিল। কিন্তু শেষ পর্যন্ত বিজেপিও তাঁকে বিশেষ গুরুত্ব দেয়নি। এই পরিস্থিতিতে নিজের নতুন দল ঘোষণা করলেন তিনি।
রাজন্যা জানিয়েছেন, দু’টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। তার মধ্যে একটি সোনারপুর দক্ষিণ। সেখানে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামার কথাও স্পষ্ট করেন রাজন্যা। এদিন তিনি বলেন, ‘ভোটের ময়দানে থাকব। ২০২৬ আমাদের কাছে বিন্দু, সিন্ধু তৈরি করতে পারব না, সরকার বদলাতে পারব না। হারি কি জিতি সেটা পরের কথা, লড়াইয়ের ময়দান থেকে সরব না।‘





