Header AD
Trending

ফের লোকালয়ে রামলাল! থমকে গেল লোধাশুলি–ঝাড়গ্রাম রাজ্যসড়ক

Ramlal obstruction

জঙ্গল থেকে বেরিয়ে যেন নিজের দখলদারিতেই রাজ্যসড়কে হাজির রামলাল (Ramlal elephant)। ঝাড়গ্রামের এই পরিচিত বুনো হাতি এদিন ফের থমকে দিল যান চলাচল। শনিবার বেলা প্রায় সাড়ে এগারোটা। ঝাড়গ্রামের শালবনি এলাকার লোধাশুলি–ঝাড়গ্রাম রাজ্যসড়ক হঠাৎই থমকে যায় এক অপ্রত্যাশিত অতিথির উপস্থিতিতে। দীর্ঘ সময় ধরে রাস্তার ধারে নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে—কখনও নীরব ভঙ্গিতে চারপাশ পর্যবেক্ষণ, কখনও আবার পাশের জমে থাকা জল-কাদা শুঁড়ে তুলে শরীরে মাখার দৃশ্য।

এলাকার মানুষের কাছে রামলাল পরিচিত। খাবারের সন্ধানে সে মাঝেমধ্যেই লোকালয় বা জাতীয় সড়কে চলে আসে। বিশেষ করে ফল-সবজির গাড়ি দেখলেই তার আগ্রহ বাড়ে। অনেক চালকও তাকে চেনেন—তাই কেউ কেউ থেমে কলা, কুমড়ো বা অন্যান্য সবজি দিয়ে যান, যেন এক ধরনের অভ্যস্ত সহাবস্থান গড়ে উঠেছে মানুষের সঙ্গে এই অতিকায় প্রাণীর। তবে এই ‘চেনা উপস্থিতি’ সব সময় স্বস্তির নয়। এর আগেই প্রথম দফার ভোটের দিন সকালে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকে পড়ে রামলাল, যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বন দপ্তরের দীর্ঘ প্রচেষ্টায় তখন তাকে সরানো সম্ভব হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন ফের রাজ্যসড়কে রামলালের উপস্থিতি। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কার্যত ‘অবরোধ’ তৈরি করে সে, থমকে যায় যান চলাচল, তৈরি হয় বিশৃঙ্খলা।

স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় উঠে পড়ে এই বুনো হাতিটি। খাবারের সন্ধানে কিছুক্ষণ আশপাশে ঘোরাঘুরি করলেও কাঙ্ক্ষিত কিছু না পেয়ে সে এক সময় রাস্তার মাঝখানেই আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ে। তাতেই কার্যত ব্যাহত হয় যান চলাচল। তীব্র গরমের মধ্যে নিজের শরীর ঠান্ডা রাখার চেষ্টা করতেও দেখা যায় রামলালকে। রাস্তার ধারে জমে থাকা বৃষ্টির জল ও কাদা শুঁড়ে তুলে শরীরে ছিটিয়ে নেয় সে—একেবারে স্বাভাবিক, অথচ রাস্তাজুড়ে অস্বস্তি ছড়ানো এক দৃশ্য।

ফলে অনেক সময়ই পরিস্থিতি কিছুটা ধীরগতিতে সামাল দিতে হয় বনকর্মীদের। রামলাল যখন লোকালয়ে বা রাজ্যসড়কে চলে আসে, তখন নিরাপদ দূরত্ব বজায় রেখেই তাকে জঙ্গলের দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই কারণেই তার চলাফেরা কখনও কখনও দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত করে। তবুও বনদপ্তরের মতে, আহত অবস্থায় তার স্বাভাবিক গতিবিধি ও আচরণকে সম্মান জানিয়েই সতর্কভাবে পরিস্থিতি সামলানো হচ্ছে—যাতে মানুষ ও বন্যপ্রাণী উভয়ই নিরাপদ থাকে।

কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিল রামলাল। পরে বনদপ্তরের তরফে তার চিকিৎসা করা হয় এবং বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। সুস্থ হয়ে ওঠার পরও তার চলাফেরা নিয়ে নজরদারি চালাচ্ছে বনদপ্তর।