সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee) উপর হামলার ঘটনার প্রতিবাদে হুগলির পিপুলপাতিতে পথ অবরোধ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল। সেই ঘটনায় পুলিশি কাজে বাধা এবং কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ( Asit Majumdar)সহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার পিপুলপাতি এলাকায় তৃণমূলের ডাকা অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন অসিত মজুমদার। অভিযোগ, অবরোধ তুলে দেওয়ার জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশ অবরোধ সরিয়ে রাস্তা স্বাভাবিক করে।
এরপর রবিবার সকালে অভিযানে নেমে পুলিশ অসিত মজুমদার ছাড়াও চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, কাউন্সিলর রঞ্জন রাহা, নির্মল চক্রবর্তী, সমীর সরকার-সহ আরও কয়েকজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, শনিবার সোনারপুরে যাওয়ার পথে জনতার বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তাঁর কনভয়ের দিকে কাঁচা ডিম, জুতো এবং ইটের টুকরো ছোড়া হয়। বিক্ষোভকারীরা ‘চোর, চোর’ স্লোগানও দেন। তৃণমূলের দাবি, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে অভিষেককে শারীরিকভাবে হেনস্তারও চেষ্টা করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।





