Header AD
Trending

এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করা রোহিণী কালামের ঝুলন্ত দেহ উদ্ধার! কর্মক্ষেত্রে হেনস্তায় আত্মঘাতী, উঠছে প্রশ্ন

আন্তর্জাতিক জুৎসু খেলোয়াড় এবং মার্শাল আর্ট কোচ রোহিণী কালামকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল মধ্যপ্রদেশের দিওয়াসে নিজের বাড়ি থেকে। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান,আত্মহত্যা করেছেন রোহিণী। ৩৫ বছর বয়সী এই খেলোয়াড় দেশের হয়ে এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর মৃত্যুতে ক্রীড়া জগতে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে রাধাগঞ্জের অর্জুন নগরে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি যখন ঘটেছে, সেই সময় রোহিণীর মা বাড়িতে ছিলেন না। মন্দিরে গিয়েছিলেন রোহিণীর বোনের  সঙ্গে। প্রথম রোহিণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর বোন। সঙ্গে সঙ্গে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রোহিণীর বাবা ব্যাঙ্ক নোট প্রেসের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। তিনিও বাড়িতে উপস্থিত ছিলেন না সেই সময়।পুলিশ সূত্রে খবর, কোনও সুইসাইড নোট ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি।

ইতিমধ্যেই রোশনি তদন্তকারীদের জানিয়েছেন,মার্শাল আর্টের এক বেসরকারি স্কুলে কোচিং করাতেন রোহিণী। চাকরি নিয়ে চাপের মধ্যে ছিলেন তিনি। শনিবার দিওয়াসে আসেন রোহিণী। রবিবার সকালে চা-জলখাবার সেরে ফোনে কোনও একজনের সঙ্গে অনেকক্ষণ কথাও বলেন তিনি। এরপর নিজের ঘরের ভিতর ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। রোশনি জানান, “চাকরি নিয়ে চিন্তায় ছিল দিদি বেশ কয়েকদিন ধরে। সহকর্মীরাও বিরক্ত করছিল তাঁকে। ফোনে ওর কথা বলার ধরন দেখে এটা বুঝতে পেরেছি।”

রোহিণীর বাবা পুলিশকে জানিয়েছেন, পাঁচ ভাইবোনের মধ্যে রোহিনী সবার বড়। বিয়ের সম্বন্ধ একাধিকবার প্রত্যাখ্যান করতেন তিনি। স্বপ্ন ছিল আইপিএস অফিসার হওয়া। বিক্রম পুরস্কারের জন্য গত দু’বছর ধরে চেষ্টা করছিলেন। তবে মনোনীত করা হয়নি রোহিণীকে। পাঁচ মাস আগে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল।  রোহিণী তাঁর কেরিয়ার শুরু করেন ২০০৭ সালে। ২০১৫ সালে পেশাদার হিসেবে জুৎসু খেলা শুরু করেন । হ্যাংজুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। বার্মিংহামের ওয়ার্ল্ড গেমসে একমাত্র ভারতীয় অ্যাথলিট হিসাবে অংশ নিয়েছিলেন রোহিনী। এশিয়ান জুৎসু চ্যাম্পিয়নশিপে জিতেছেন একাধিক পদক। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষায় রয়েছেন তাঁরা। এছাড়াও ঘটনাটি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।