Header AD

‘ওয়াকফের নামে গুজব ছড়ানো হচ্ছে, কারো সম্পত্তি বেদখল হবে না’: আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

“কিছু কিছু কথা নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ওয়াকফ নিয়ে আমরা নাকি কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করেছিলাম, জোর করে অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না।” বুধবার গাজোলের সভার পর বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামের সভা থেকেও ওয়াকফ আইন নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “অনেকে গুজব ছড়াচ্ছেন। তাতে কান দেবেন না। “

এদিন সভা থেকে বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জেনে রাখুন ৮২ হাজার ওয়াকফ প্রপার্টি আমরা সরকারে আসার আগেই কেন্দ্রীয় পোর্টালে নথিবদ্ধ ছিল। আমরা এটা করিনি। কিন্তু আমরা এখন যে WMC পোর্টালটা করেছি,এর পার্থক্য হল শুধু আপলোড করার প্রক্রিয়া। এটা করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। আগে আপলোড করত ওয়াকফ বোর্ড এখন করবে মোতোয়ালিরা।” এরপরই তৃণমূল নেত্রী প্রশ্ন তোলেন মোতোয়ালিরা কাদের লোক, কোন সম্প্রদায়ের লোক। আমরা এর জন্য সুপ্রিম কোর্টে কেস করেছি। সেখান থেকে সংশোধন হয়েছে।” এরপরই তাঁর আশ্বাস,” এখন মোতয়ালিরা আপলোড করে রাজ্য ওয়াকফ বোর্ডকে দেবে। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন। কারো সম্পত্তি বেদখল হবে না। কারও সম্পত্তি কেউ বেদখল করবে না। এসব মিথ্যা প্রচারে কান দেবেন না। আপনাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। আমরা যতদিন আছি, কোথাও কোনও ধর্মস্থানে হাত দিতে দেব না। বিজেপির কাছে হিন্দুত্ব শিখব না। কারণ আমরাও হিন্দুত্ব জানি। “

প্রস্নজ্ঞত, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ২০২৪ সালে অগাস্টে সংসদে ওয়াকফ সংশোধনী বিল (Waqf Act) পেশ করেছিলেন । সেই বিলের একাধিক ধারা নিয়ে আপত্তি তোলে তৃণমূল-সহ বিরোধীরা। ওয়াকফের বিরোধিতার পর তথ্যের বিবরণ আপলোড করা নিয়েও আপত্তি করেছেন বিরোধীরা। এদিনের সভা থেকে ওয়াকফ বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, “সব ধর্মেই কিছু গদ্দার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যা প্রচার করে। মনে রাখবেন এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বেরিয়ে গিয়েছে। আমার মুখে অন্যের কথা বসানো হচ্ছে। ওদের অনেক টাকা, নোটবন্দির টাকা, চুরির টাকা.. সব টাকা দিয়ে বিদেশে গিয়ে একটা করে মালা পরে আসছে! অথচ মানুষের জন্য টাকা নেই।”