দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)নিরাপত্তা আরও মজবুত করতে সোমবার রাতেই রাজধানী পৌঁছল রাজ্য পুলিশের (Bengal Police) একটি বিশেষ দল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে বঙ্গভবনে তৈরি হওয়া নজিরবিহীন পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। সেই সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সন্ধ্যাতেই ২২ জনের একটি দল দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্ত মতোই বঙ্গভবন পাহারায় দিল্লি গেল র্যাফ-ডিএসপির বিশেষ দল।
এই বিশেষ দলের নেতৃত্বে রয়েছেন ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক। এছাড়া দলে রয়েছেন বিভিন্ন পদমর্যাদার অফিসার ও কনস্টেবল, পাশাপাশি রয়েছেন মহিলা পুলিশও। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকেই তাঁরা দিল্লিতে আগে থেকে থাকা রাজ্য পুলিশের বাহিনীর সঙ্গে যোগ দিয়েছেন।
একই সঙ্গে বঙ্গভবনের নিরাপত্তা নিয়েও বিশেষভাবে সতর্ক রাজ্য পুলিশ। সোমবার সকাল থেকেই বঙ্গভবন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার উপর কড়া নজর রাখছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। অভিযোগ, এদিন বঙ্গভবনে দিল্লি পুলিশের নজিরবিহীন উপস্থিতি দেখা যায় এবং তল্লাশিও চালানো হয়। সোমবারের পর মঙ্গলবারও বঙ্গভবনের বাইরে দিল্লি পুলিশের বিশাল বাহিনী দেখা যায়।
এই ঘটনার প্রতিবাদে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের ‘অতিসক্রিয়তা’ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। সোমবার সকালে বঙ্গভবন গিয়ে মুখ্যমন্ত্রী কার্যত দিল্লি পুলিশের সামনে দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবিলা করেন। যার জেরে পিছু হটতে বাধ্য হয় দিল্লি পুলিশ।
সারাদিন ধরেই এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত ছিল। রাজ্য পুলিশ মনে করছে, মুখ্যমন্ত্রী এবং বঙ্গভবনের নিরাপত্তা আরও জোরদার করা জরুরি। সেই কারণেই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের একটি দলকে রাতেই দিল্লিগামী রাজধানী পাঠানো হয়েছে।





