দমদম স্টেশনে (Dumdum Railway Station) লাইনের কাজের জন্য শনিবার ও রবিবার শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল এবং বেশ কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রেলের এই সিদ্ধান্তে সপ্তাহান্তে যাত্রীদের সমস্যায় পড়ার সম্ভাবনা।
রেল সূত্রে জানা গিয়েছে, ৪ এপ্রিল শনিবার রাত ১১টা ৫০ মিনিট থেকে ৫ এপ্রিল রবিবার ভোর ৪টা ২০ মিনিট পর্যন্ত দমদম স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে আপ ও ডাউন ডানকুনি লোকাল, রানাঘাট লোকাল, নৈহাটি লোকাল, বনগাঁ লোকাল এবং কৃষ্ণনগর সিটি লোকাল। রবিবারও ডানকুনি, কৃষ্ণনগর ও বনগাঁ শাখার কিছু ট্রেন বাতিল থাকবে।
এছাড়া, কয়েকটি ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। যেমন, লালগোলা-শিয়ালদহ মেমু ট্রেন রানাঘাট পর্যন্ত চলবে। শান্তিপুর ও বনগাঁ শাখার কিছু ট্রেন ব্যারাকপুর বা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত সীমিত থাকবে।
কিছু দূরপাল্লার ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস, যোগবানি-কলকাতা এক্সপ্রেস এবং তিস্তা তোর্সা এক্সপ্রেস নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছাড়বে। একইভাবে লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার এবং শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জারের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ভোর পৌনে ৪টের পরিবর্তে ছাড়বে পৌনে ৫টায়, তা কৃষ্ণপুর পর্যন্ত যাবে। এ ছাড়া, রবিবার সকালে আপ বনগাঁ লোকাল শিয়ালদহ থেকে ২০ মিনিট দেরিতে ছাড়বে।
রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দমদমে কাজের কারণে পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস এবং গোরখপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস যাত্রাপথে যথাক্রমে প্রায় ৩০ ও ৩৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।
এই পরিস্থিতিতে সপ্তাহান্তে যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।





