ভাঙড় বিস্ফোরণ মামলায় পলাতক শওকত মোল্লা! বহুল আলোচিত এই বিস্ফোরণকাণ্ডে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে খুঁজছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর বাড়ি, দলীয় কার্যালয়সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। তবে অভিযানের আগেই এলাকা ছেড়ে গা-ঢাকা দেন শওকত। ফলে তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘পলাতক’ ঘোষণা করেছে এনআইএ। এই বিষয়ে বিএসএফের সঙ্গে তথ্যও শেয়ার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তদন্তকারীদের দাবি, শওকতের ছেলে পুলিশের জালে ধরা পড়লেও এখনও অধরা রয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। সূত্রের খবর, নদীপথে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিলেন তিনি। বাসন্তীর খেয়াঘাট পেরিয়ে উত্তর ২৪ পরগনার দাদবেড়িয়া ঘাট হয়ে সীমান্ত এলাকায় পৌঁছনোর ছক ছিল বলে জানা গিয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাঁকে চিনে ফেলায় সেই পরিকল্পনা নাকি সফল হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শেষবার লাল পোশাকে চুনাখালি এলাকায় এক ব্যক্তির মোটরবাইকে দেখা গিয়েছিল শওকতকে। এরপর তিনি একটি মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। সেই সূত্র ধরেই রাতভর মাদ্রাসা, আশপাশের এলাকা এবং জঙ্গল চষে বেড়ায় এনআইএ ও কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি।
এদিকে, শওকত যাতে কোনওভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন, তার জন্য ইতিমধ্যেই তাঁর যাবতীয় তথ্য সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে ভাগ করে নিয়েছে এনআইএ।
উল্লেখ্য, বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণে একজনের মৃত্যু এবং একাধিক ব্যক্তি আহত হন। সেই ঘটনার তদন্তে সম্প্রতি গতি এনেছে এনআইএ। এর আগে এই মামলায় তৃণমূল নেতা আহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তের অগ্রগতির মধ্যেই এবার শওকত মোল্লার খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।





