রাজ্য রাজনীতির নানা টানাপোড়েন সামলে অবশেষে বাংলায় শেষ হল SIR প্রক্রিয়া। এনুমারেশন ফর্ম জমার কাজ শেষ। এবার রেজাল্ট বেরনোর পালা। অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের অপেক্ষা। সেই খসড়ায় নিজের নাম আছে কি না তা জানার উৎকণ্ঠা। আগামী ১৬ ডিসেম্বর সেই তালিকা কমিশনের প্রকাশ করার কথা। সকলের মনেই প্রশ্ন, আদৌ আমার নাম থাকবে তো? সকলের মনেই জিজ্ঞাসা , কীভাবে খসড়া তালিকায় খুঁজতে হবে নাম?
কমিশন সূত্রে জানা যাচ্ছে, অনলাইন ও অফলাইন-দুই পদ্ধতিতেই খসড়া তালিকা দেখা যাবে। এখনকার প্রজন্ম তো বটেই, অনলাইনে ধীরে ধীরে সড়্গড় হয়ে উঠছেন বয়স্ক মানুষরাও। ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেন ক্রমে বাড়ছে। ফলে খসড়া তালিকা দেখার ক্ষেত্রে অনেকেরই পছন্দ। নাম খুঁজতে হলে প্রথমে কমিশনের ওয়েবসাইট eci.gov.in লগ ইন করতে হবে। ওয়েবসাইটে ঢুকলেই পাওয়া যাবে নাম ও এপিক নম্বর বসানোর জায়গা। নির্দিষ্ট জায়গায় তা বসাতে হবে। তারপর সাবমিট করলেই স্ক্রিনে ভেসে উঠবে খসড়া তালিকা। খসড়া তালিকা মিলবে ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটেও। পদ্ধতি অনুসরণ করতে হবে একইভাবে। আবার নাম খুঁজে পাওয়ার জন্য অ্যাপের ব্যাবস্থাও রয়েছে। নির্বাচন কমিশনের অ্যাপেই আপলোড করা হবে লিস্ট।
সময়ের অনুপাতে অনলাইনে খসড়া তালিকা সুবিধেজনক হলেও এখনও বহু মানুষ রয়েছেন যারা অনলাইনে সরগড় নন। তাঁদেরও চিন্তার কোনও কারণ নেই। কারণ, অফলাইনেও মিলবে খসড়া তালিকা। প্রত্যেক বুথের বিএলওদের কাছে থাকবে লিস্ট। তাঁদের কাছে গেলেই দেখে নিতে পারেন নাম রয়েছে কি না। কোনও কারণে যদি বিএলওদের সঙ্গে যোগাযোগে সমস্যা হয়, সেক্ষেত্রে মুশকিল আসান হবে বিএলএরা। প্রসঙ্গত, যাদের নাম বাদ পড়বে তাঁদেরও তালিকা প্রকাশ করবে কমিশন।





