রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার পর এবার একই নিয়ম চালু করা হল মাদ্রাসাগুলিতেও। মাদ্রাসা শিক্ষাদপ্তরের তরফে সম্প্রতি জারি হওয়া এক নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সব সরকারি, সরকারপোষিত ও স্বীকৃত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাইতে হবে।
নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। পাশাপাশি আগের সমস্ত নির্দেশ বাতিল করে দ্রুত নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী সোমবার থেকেই রাজ্যের সমস্ত স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করা হবে। এরপর শিক্ষাদপ্তর বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে তা কার্যকর হয়।

মাদ্রাসাগুলিতেও এই নিয়ম চালুর সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। যদিও সেই বিতর্ককে গুরুত্ব না দিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “বিকৃত ইতিহাস সংশোধনের এটাই উপযুক্ত সময়।” তাঁর দাবি, কেন্দ্র আগে থেকেই এই বিষয়ে নির্দেশ দিয়েছিল, কিন্তু তৎকালীন সরকার তা বাস্তবায়ন করতে দেয়নি।

বঙ্গ বিজেপিও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলের পক্ষ থেকে সরকারি বিজ্ঞপ্তি সমাজমাধ্যমে শেয়ার করে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন নিয়ম চালুর দিকেই এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। একই সঙ্গে বিজেপির দাবি, “এই সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এক ও অভিন্ন নিয়ম প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে। আর তুষ্টিকরণ নয় বরং সবার জন্য সমান নীতি প্রযোজ্য।”





