Header AD

ভোট ঘোষণার পরই কড়া পদক্ষেপ! বাংলার মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন

election commission

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরেই নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রবিবার রাতারাতি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় নিযুক্ত করা হয়েছে নতুন মুখ্য সচিব ও সরাষ্ট্র সচিব।

রবিবার বিকেল ৪টেয় বাংলার ভোটের সূচি ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। তার কয়েক ঘণ্টার মধ্যেই রবিবার রাতেই কমিশনের তরফে চিঠি পাঠিয়ে রাজ্যের প্রশাসনিক শীর্ষপদে বড়সড় রদবদল করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশে বর্তমান মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)-কে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন মুখ্যসচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালা (Dushmant Nariala)।

একই সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদেও পরিবর্তন আনা হয়েছে। বর্তমান স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনা (Jagadish Prasad Meena)-র পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার সঙ্ঘমিত্রা ঘোষ (Sanghamitra Ghosh)-কে। তাঁকে হোম ও হিল অ্যাফেয়ার্স দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এর আগে তিনি নারী ও শিশুকল্যাণ দপ্তরের সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।

ভোটের আগে মুখ্যসচিবকে সরিয়ে দেওয়ার ঘটনা পশ্চিমবঙ্গে প্রায় নজিরবিহীন বলেই মনে করছে প্রশাসনিক মহল। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তৎকালীন স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য্য (Atri Bhattacharya)-কে সরানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তবে বিধানসভা নির্বাচনের আগে সরাসরি মুখ্যসচিবকে বদলানোর ঘটনা এই প্রথম বলেই মত ওয়াকিবহাল মহলের।

উল্লেখ্য, ২০২১ সালে রাজ্যে আট দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার সেই সংখ্যা কমিয়ে দুই দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।