Header AD

ভোটকে ঘিরে কলকাতায় কড়া যান নিয়ন্ত্রণ, তিনদিনে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা ও পার্কিংয়ে কড়াকড়ি

Route map traffic control

দ্বিতীয় দফার নির্বাচনকে (ElectioninBengal 2ndphase) সামনে রেখে কলকাতা ও সংলগ্ন এলাকায় যান চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। ভোটের আগের দিন ২৮ এপ্রিল, ভোটের দিন ২৯ এপ্রিল এবং গণনার দিন ৪ মে—এই তিনদিন শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিকল্প রুটের ব্যবস্থা এবং পার্কিংয়ে কড়াকড়ি থাকবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ২৮ ও ২৯ এপ্রিল ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। আলিপুর এলাকায় জর্জ কোর্ট থেকে আলিপুর রোড ক্রসিং পর্যন্ত পশ্চিমমুখী রাস্তা বন্ধ রাখা হবে। যানবাহনকে বিকল্প পথে উত্তর ও দক্ষিণমুখী আলিপুর রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া কসবা, হাজরা, হরিশ মুখার্জি রোড, অকল্যান্ড রোড এবং লর্ড সিনহা রোড সংলগ্ন এলাকাতেও নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচলে বিধিনিষেধ থাকবে।

অন্যদিকে, গণনার দিন ৪ মে সকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বিশেষ নজরদারি ও যান নিয়ন্ত্রণ জারি থাকবে। ডায়মন্ড হারবার রোড, রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় যান চলাচল সীমিত করা হতে পারে। প্রয়োজনে বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

শুধু যান চলাচল নয়, এই তিনদিন শহরের বিভিন্ন এলাকায় পার্কিংয়ের ক্ষেত্রেও কঠোর নিষেধাজ্ঞা থাকবে। বালিগঞ্জ, শরৎ বোস রোড, বেলতলা, পদ্মপুকুর, লাভলক রোড, ডোভার লেন-সহ একাধিক এলাকায় গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি অ্যাক্রোপলিস মল, গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর এবং বিটি রোডের কিছু অংশেও পার্কিংয়ে কড়াকড়ি থাকবে।

পরিস্থিতি অনুযায়ী যানজট এড়াতে বা প্রয়োজন বুঝে কিছু রাস্তায় বিধিনিষেধ শিথিল করা হতে পারে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ। ভোট ও গণনার দিন শহরবাসীকে তাই বাড়তি সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।