Header AD

ভোটের আগে কড়া নজরদারি! আচরণবিধি মানতে নির্বাচন কমিশনের নতুন ৮ নির্দেশিকা

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটমুখী রাজ্যগুলিকে কড়া বার্তা দিল দেশের নির্বাচন কমিশন (Election Commission of India)। ভোটমুখী রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি কঠোরভাবে কার্যকর করতে আরও আটটি নতুন নির্দেশিকা জারি করেছে কমিশন। এই নির্দেশিকা মানতে হবে পশ্চিমবঙ্গ (West Bengal), অসম (Assam), কেরলম (Kerala), তামিলনাড়ু (Tamil Nadu) এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচারি (Puducherry)-তে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কনডাক্ট (MCC) কঠোরভাবে মেনে চলতে হবে। সরকারি দপ্তর, অফিস বা ভবনের গায়ে থাকা সব ধরনের সরকারি এবং নির্বাচনী বিজ্ঞাপন, হোর্ডিং ও পোস্টার দ্রুত সরিয়ে ফেলতে হবে।

এছাড়াও স্পষ্ট করে জানানো হয়েছে, কোনও রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনী কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে কোনও নির্বাচনী প্রচার বা বিজ্ঞাপন দেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক দলগুলির উদ্দেশে কমিশনের আরও নির্দেশ, বাড়ির মালিকের অনুমতি ছাড়া কোনও বাড়ির সামনে সভা-সমাবেশ করা যাবে না। দেওয়াল লিখন, পোস্টার বা দলীয় পতাকা লাগানোর ক্ষেত্রেও বাড়ির গৃহকর্তার অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানানোর জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করেছে কমিশন। ১৯৫০ নম্বরে ফোন করে ডিইও বা আরও-র কাছে সরাসরি অভিযোগ জানানো যাবে। পাশাপাশি cVIGIL অ্যাপ ব্যবহার করেও অভিযোগ নথিভুক্ত করতে পারবেন সাধারণ মানুষ।

ভোটের সময় নজরদারি জোরদার করতে পাঁচটি রাজ্যে ৫,৭১৩টির বেশি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হচ্ছে। কোনও অভিযোগ পাওয়ার ১০০ মিনিটের মধ্যেই এই দলগুলি পদক্ষেপ নেবে। পাশাপাশি সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখতে মোট ৫,২০০টি স্ট্যাটিক সারভেল্যান্স টিমও তৈরি রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন।