পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৬টি জেলার ১৫২টি আসনে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রাথমিকভাবে ভোটপর্ব শান্তিপূর্ণ বলেই খবর মিলেছে। তবে পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে হচ্ছে কি না, তা নিয়ে কড়া নজর রাখছেন তৃণমূল নেতৃত্ব। কালীঘাটে বিশেষ ‘ওয়াররুম’ তৈরি করে সেখান থেকেই সারাদিন জেলার ভোট পরিস্থিতির ওপর নজর রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোথাও কোনও সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গেই জেলা নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হচ্ছে বলে খবর।
প্রথম দফার নির্বাচনের আগে টানা এক মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় প্রচার করেছেন মমতা ও অভিষেক। তবে ভোটের দিন তাঁরা তেমন বড় কোনও কর্মসূচি রাখেননি। জানা গেছে, বিকেলের পর মমতা চৌরঙ্গীতে এবং অভিষেক মেটিয়াবুরুজে দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেন। যদিও সকাল থেকেই দুজনেই সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
প্রতিবারের মতো এবারও নিজস্ব সংগঠন ও সূত্রের মাধ্যমে ভোটের খবর নিচ্ছেন তাঁরা, তবে এবারের নজরদারি আরও বেশি কঠোর। বিশেষ করে ইভিএম নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার সতর্ক করে বলেছেন, ভোটদানে কোনও সমস্যা হলে যেন সঙ্গে সঙ্গে মেশিন বদলের দাবি তোলা হয় এবং ত্রুটিপূর্ণ ইভিএমে ভোট না দেওয়া হয়।
ভোটের শুরু থেকেই কয়েকটি জায়গায় ইভিএম বিভ্রাটের খবর পাওয়া গেছে। সেইসব ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জেলা নেতৃত্বকে নির্দেশ পাঠানো হয়েছে। সারাদিনের পরিস্থিতি পর্যালোচনা করে তারপরই সন্ধ্যার পর নিজেদের নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন তৃণমূল নেতৃত্ব।




