Header AD

প্রথম দফায় আরও কড়া কমিশন! ভোটের দিন এলাকা ছাড়া নয়, প্রার্থীদের জন্য নতুন বিধিনিষেধ

election commission

প্রথম দফার ভোটের আগে আরও কড়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন (Election Commission of India)। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের দিন সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত কোনও প্রার্থী নিজের বিধানসভা এলাকা ছেড়ে বাইরে যেতে পারবেন না। বৃহস্পতিবার ১৬টি জেলার মোট ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে, আর তার আগেই এই গাইডলাইন সামনে এসেছে।

কমিশন স্পষ্ট করে জানিয়েছে, ভোট চলাকালীন প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ এলাকাতেই থাকতে হবে এবং কোনও রকম অশান্তি বা গোলমালে জড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং ভোটারদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়াই এই নির্দেশের মূল লক্ষ্য।

এদিকে, দাগি অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে রাজ্যের ডিজিপিকে চিঠি পাঠিয়েছে কমিশন। সূত্রের খবর, ইতিমধ্যেই জামিন অযোগ্য ধারায় ৫০৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাধারণত নির্বাচনের আগে ‘প্রিভেনটিভ অ্যারেস্ট’ বা সতর্কতামূলক গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়, তবে এবার সেই প্রক্রিয়াকে আরও কঠোর করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের অন্তত ৭২ ঘণ্টা আগেই দাগি দুষ্কৃতীদের গ্রেপ্তার করে লকআপে রাখতে হবে। অর্থাৎ, ২৩ এপ্রিলের ভোটের জন্য ১৯ তারিখের মধ্যে এবং ২৯ এপ্রিলের ভোটের জন্য ২৫ তারিখ রাতের মধ্যেই এই গ্রেপ্তারি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল।