Header AD
Trending

পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদকে সামনে রেখে পূর্বতন সরকারগুলির সমালোচনায় শুভেন্দু

suvendu kurseong

দিবস উপলক্ষে তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের অতীত রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে ইতিহাস আড়াল করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক ভূমিকা দীর্ঘদিন ধরে কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের সরকার যথাযথ গুরুত্ব দেয়নি। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, ‘১৯৪৭ সালে তারকেশ্বরের এক গুরুত্বপূর্ণ সম্মেলনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসাবে রাখার বিষয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।’

শুভেন্দুর বক্তব্য, ‘দেশভাগের অস্থির সময়ে বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ভারতের সঙ্গে থাকার পক্ষেই মত দিয়েছিল।’ মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৫৮ জন আইনসভার সদস্য ২১ জনের বিরুদ্ধে ভোট দিয়ে পশ্চিমবঙ্গকে ভারতে যুক্ত রাখার ব্যবস্থা করেছিলেন। এটাই পশ্চিমবঙ্গ দিবসের মাহাত্ম্য। আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টদের সরকার এবং তৃণমূলের সরকার শ্যামাপ্রসাদের এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেনি।’

শুভেন্দুর কথায়, পশ্চিমবঙ্গ দিবসকে সরকারি মর্যাদা দিয়ে উদযাপনের উদ্যোগ নেয়নি আগের সরকারগুলি। বিজেপি সরকার সেই ঐতিহাসিক দিনটির গুরুত্ব তুলে ধরতেই রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে।সভা থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একাধিক প্রকল্পের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ৬ জুলাই রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির মাধ্যমে জন্মজয়ন্তী পালন করা হবে। পাশাপাশি হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে অধিগ্রহণ করে সেখানে স্মৃতিসৌধ ও গ্রন্থাগার নির্মাণের পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি।

এছাড়া কলকাতায় ১২৫ ফুট উচ্চতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি স্থাপনের কথাও জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে দেশভাগের প্রেক্ষাপট এবং পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত রাখার আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।