“এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান”— শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই আদর্শকেই সামনে রেখে এগোবে বাংলা। অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করার পাশাপাশি জমি জেহাদ, লাভ জেহাদ এবং জোরপূর্বক ধর্মান্তরণের বিরুদ্ধে কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,“ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ও নেতাজির আদর্শে গড়ে ওঠা এই বাংলার মাটি দেশপ্রেম, আত্মত্যাগ ও জাতীয় চেতনার প্রতীক। এই পবিত্র ভূমিতে কোনো রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, বরদাস্ত করা হবে না।“
শুক্রবার রবীন্দ্র সদনে (Rabindra Sadan) ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মাটিতে রাষ্ট্রবিরোধী শক্তির কোনও স্থান নেই। তাঁর কথায়, “ চৈতন্য মহাপ্রভু, সুভাষ চন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syama Prasad Mukherjee) এই বাংলায় দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। জমি জেহাদ ও লাভ জেহাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও জানান, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ইতিমধ্যেই হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে এবং তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন তিনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে শুভেন্দু বলেন, যারা দেশকে অপমান করে বা সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে সরব হয় না, বাংলার মাটিতে তাদের জায়গা নেই।
তবে ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের ক্ষেত্রে সিএএ বা Citizenship Amendment Act -এর আওতায় নাগরিকত্ব দেওয়া হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠান শেষে ভবানীপুরে বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই কার্যালয় থেকে প্রতিদিন সাধারণ মানুষের জন্য বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে।





