Header AD
Trending

মুখ্যমন্ত্রী হয়েই অ্যাকশনে বিজয়, স্কুল-মন্দিরের পাশে ৭১৭ মদের দোকানে তালা

Vijay on action

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamilnadu CM) পদে বসেই একের পর এক বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছেন অভিনেতা-রাজনীতিক বিজয় (Thalapathy Vijay)। সোমবার রাজ্য সরকারের তরফে জারি হওয়া নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, উপাসনাস্থল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্টপের ৫০০ মিটারের মধ্যে থাকা সমস্ত সরকারি মদের দোকান আগামী দু’সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে।

সরকারি হিসেব বলছে, বর্তমানে তামিলনাড়ুতে মোট ৪ হাজার ৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে। নতুন নির্দেশ কার্যকর হলে তার মধ্যে ৭১৭টি দোকান বন্ধ হয়ে যাবে। এর মধ্যে ধর্মীয় স্থানের আশেপাশে রয়েছে ২৭৬টি দোকান, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ১৮৬টি এবং বাসস্ট্যান্ড সংলগ্ন ২৫৫টি দোকান।

মুখ্যমন্ত্রী হওয়ার পর এটিকেই বিজয় সরকারের প্রথম বড় সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। প্রশাসনের দাবি, জনবহুল ও সংবেদনশীল এলাকায় মদের সহজলভ্যতা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু মদের দোকান বন্ধের সিদ্ধান্তই নয়, ক্ষমতায় এসেই নির্বাচনী ইস্তেহারের একাধিক প্রতিশ্রুতিতেও সই করেছেন বিজয়। তিনি ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা কার্যকর করেছেন। পাশাপাশি মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ টাস্ক ফোর্স এবং মাদক দমনে প্রতিটি জেলায় আলাদা বিশেষ বাহিনী গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এর পাশাপাশি রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজ্যের আর্থিক অবস্থার বিস্তারিত তথ্য সেখানে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।

প্রথম ভাষণেই রাজ্যের আর্থিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজয়। তাঁর কথায়, তামিলনাড়ু বর্তমানে ১০ লক্ষ কোটি টাকারও বেশি ঋণের ভারে জর্জরিত। রাজকোষ প্রায় ফাঁকা হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নতুন সরকারকে অত্যন্ত কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যেই কাজ শুরু করতে হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।