Header AD

‘তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক লাইভ টেলিকাস্ট করুন’, নির্বাচন কমিশকে চ্যালেঞ্জ করে ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নির্বাচন কমিশনকে নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড় করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর চ্যালেঞ্জ, কমিশন যদি স্বচ্ছ্বভাবে SIR পরিচালনা করে থাকে, তাহলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তৃণমূল সাংসদদের সব প্রশ্নের উত্তর দিক। তৃণমূল সাংসদদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক লাইভ টেলিকাস্ট করা হোক। প্রসঙ্গত, SIR বিরোধী আন্দোলন যে এবার বাংলার গণ্ডি পেরিয়ে দিল্লিতেও শুরু হতে চলেছে সেই বার্তা আগেই দিয়েছিলেন তিনি।

গত সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার দিল্লির বুকে SIR বিরোধী আন্দোলনে নামবে তৃণমূল। সেজন্য ১০ সাংসদকে নিয়ে একটি প্রতিনিধি দল তোইরি করে দেন তিনি। সেই দলকে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন । সূত্রের খবর, ১০ জনের এই দলে রয়েছেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে।

তবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ৫ সদস্যের প্রতিনিধিদল দিল্লিতে কমিশনের কার্যালয়ে গিয়ে দেখা করতে পারে। এব্যাপারে তাঁরা ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও পাঠিয়েছেন । আগামী শুক্রবার, অর্থাৎ ২৮ নভেম্বর বেলা ১১টায় তৃণমূলের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। কারা কারা কমিশনের দপ্তরে যাবেন, আগে থেকে তাঁদের নাম জানাতে হবে তৃণমূলকে। নির্বাচন কমিশনের এই চিঠির পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন , ‘১০ সাংসদই দেখা করতে যাবেন’।

তিনি চ্যালেঞ্জের সুরে সোশ্যাল মিডিয়ায় বলেন, “আমাদের সাংসদরা মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি। মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য কমিশনারদের মতো নয়, যাঁদের হাত সরকারের হাতে বাঁধা। বেছে বেছে বৈঠকের কিছু অংশ ফাঁস করা হবে যাতে বোঝানো হবে কমিশন খুব স্বচ্ছ্ব, সেসব চলবে না। যদি নির্বাচন কমিশনার সত্যিই স্বচ্ছ্ব হয়, তাহলে মাত্র ১০ জন সাংসদকে ভয় কীসের? খোলাখুলি বৈঠক করুন না। আমাদের কাছে পাঁচটা প্রশ্ন রয়েছে। লাইভ টেলিকাস্টে এই সোজাসাপ্টা পাঁচ প্রশ্নের জবাব দিন।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, “কমিশন কি স্বচ্ছ্ব, নাকি শুধু দরজা বন্ধ করেই কাজ করে।” সূত্রের খবর, একা ডায়মন্ড হারবারের সাংসদ নন, সাগরিকা ঘোষ-সহ তৃণমূলের অন্য সাংসদরাও একই প্রশ্ন তুলেছেন ।