রেলের জমিতে বেআইনি দখল ও হকার উচ্ছেদকে ঘিরে চলা বিতর্কে আপাতত স্বস্তি পেলেন হকাররা। যাদবপুর স্টেশন সংলগ্ন রেল জমি থেকে হকার উচ্ছেদ সংক্রান্ত মামলায় বুধবার কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ জুন পর্যন্ত কোনও উচ্ছেদ অভিযান চালানো যাবে না।
সাম্প্রতিক সময়ে শিয়ালদহ, হাওড়া, দমদম-সহ বিভিন্ন রেল স্টেশন এলাকায় দখলমুক্ত করার উদ্দেশ্যে রেল কর্তৃপক্ষ, আরপিএফ এবং রেল পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছিল। এরই মধ্যে গত রবিবার রাতে যাদবপুরে রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ও হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত হকারদের অভিযোগ, পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা বা আলোচনার সুযোগ না দিয়েই উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কারণেই তাঁরা আদালতের দ্বারস্থ হন।
বুধবার হকারদের পক্ষে আইনজীবী শামিম আহমেদ জরুরি ভিত্তিতে বিষয়টি আদালতের নজরে আনেন। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য মামলাটি গ্রহণ করে হকার উচ্ছেদের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি, হাওড়া, কোন্নগর, ডানকুনি-সহ বিভিন্ন এলাকায় রেল জমি থেকে হকার উচ্ছেদ সংক্রান্ত যে একাধিক মামলা দায়ের হয়েছে, সেগুলির যৌথ শুনানির নির্দেশও দেয় আদালত।
মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১৭ জুন। সেই দিন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় উচ্ছেদ অভিযান বন্ধ থাকবে বলে আদালত স্পষ্ট করেছে।





