Header AD
Trending

গণনাকেন্দ্রে উত্তেজনা! ‘দরকার হলে আরও অপেক্ষা করতে হবে’ধৈর্য ধরার বার্তা অভিষেকের

ab ranaghat

ভোটগণনার প্রাথমিক প্রবণতায় বাংলায় গেরুয়া শিবিরের এগিয়ে থাকার ছবি সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও এখনও বহু রাউন্ড গণনা বাকি, তবুও এই পরিস্থিতিতে বিভিন্ন গণনাকেন্দ্র থেকে তৃণমূল নেতা-কর্মীদের বেরিয়ে আসার খবর মিলছে। এই অবস্থায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হেস্টিংসের গণনাকেন্দ্রে পৌঁছে দলীয় কর্মীদের ধৈর্য ধরার বার্তা দেন। তিনি স্পষ্টভাবে বলেন, এখনই কেউ যেন কেন্দ্র ছেড়ে না যান—পুরো গণনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই উচিত।

সোমবার সকালে পোস্টাল ব্যালট গণনায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। কিন্তু সময় গড়াতেই ইভিএম গণনায় বিজেপি এগিয়ে যায়, বিশেষ করে উত্তরবঙ্গে তৃণমূলের ফল আশানুরূপ হয়নি। রাজ্যের পশ্চিমাঞ্চলেও একই চিত্র। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও পিছিয়ে পড়ে ঘাসফুল শিবির।

এদিকে, কয়েকটি কেন্দ্রে ধীরগতির গণনার অভিযোগ ওঠে। খবর পেয়ে বিকেল নাগাদ বাড়ি থেকে বেরিয়ে হেস্টিংসের গণনা কেন্দ্রে পৌঁছন অভিষেক। সেখানে তাঁকে লক্ষ্য করে বিরোধীদের তরফে কটূক্তি করা হলেও তিনি শান্তভাবেই পরিস্থিতি সামাল দেন। তাঁর মন্তব্য, “এটাই বিজেপির রাজনৈতিক সংস্কৃতি, মানুষ সবই দেখছেন।”

দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা ছিল স্পষ্ট—“কেউ গণনাকেন্দ্র ছেড়ে বেরবেন না। আগে মানুষের রায় গণনা শেষ হোক। দরকার হলে আরও অপেক্ষা করতে হবে।”পাশাপাশি তিনি দাবি করেন, বর্ধমান দক্ষিণ কেন্দ্রে তৃণমূল জয়ী হলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তাঁর কথায়, “বর্ধমান দক্ষিণে তৃণমূল জিতে গিয়েছে। অথচ জয়ী বলছে না। আবার সেখানে গণনা হচ্ছে।” এদিকে তিনি নিজে প্রার্থী না হওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তাঁকে গণনাকেন্দ্র ছাড়তে হয়।

এর আগে ভিডিও বার্তার মাধ্যমে একই সুরে কথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতিতেও মনোবল না হারানোর আহ্বান জানান তিনি। তাঁর কথায়, সূর্যাস্তের পর পরিস্থিতি বদলাতেও পারে—তাই ততক্ষণ ‘বাঘের বাচ্চা’র মতো লড়াই চালিয়ে যেতে হবে।