বঙ্গে শুরু হয়ে গিয়েছে এসআইআর। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও’রা। কোথাও কোথাও কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর স্বাম্নে আসলেও আপাতত নির্বিঘ্নেই চলছে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ। তবে এই প্রক্রিয়া সম্পন্ন করতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পের ওপরেই ভরসা করতে হচ্ছে। এসআইআরের অঙ্গ হিসেবেই বাংলা মৃত ভোটারের সংখ্যা জানতে নির্বাচন কমিশনের ভরসা রাজ্যের ‘সমব্যথী প্রকল্প’। ওই প্রকল্পের ভিত্তিতে ১০ দিনের মধ্যে জেলাশাসকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে কমিশন।
বাংলায় ক্ষমতায় এসেই রাজ্যবাসীর সুবিধার্থে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। সেগুলিরই একটি ‘সমব্যথী’। মূলত পিছিয়ে পড়া পরিবারের কথা ভেবেই এই প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে চালু হওয়া এই প্রকল্পে মৃতদের পরিবারের সদস্য আবেদন করলে ২হাজার টাকা আর্থিক সাহায্য পান। তবে সেক্ষেত্রে মৃতকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হয়। শ্রাদ্ধশান্তির কাজও এরাজ্যেই করতে হয়। রাজ্যবাসীর অনেক মৃত ব্যক্তির নাম ওই প্রকল্পে নথিভুক্ত রয়েছে। তাই ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের শনাক্ত করতে রাজ্যের এই প্রকল্পেই ভরসা রাখছে কমিশন। তবে শুধুমাত্র সমব্যথী নয়, মৃতদের চিহ্নিত করতে আরও একাধিক কৌশল রয়েছে কমিশনের।





