Header AD
Trending

গঙ্গাসাগর মেলার প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৫ জানুয়ারি সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

তারকা ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফরের সময় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার গঙ্গাসাগর মেলায় ‘ভিআইপি সংস্কৃতি’ প্রতিরোধে আগাম প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন। ১৫ ডিসেম্বর নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠক করে গঙ্গাসাগর মেলায় সব রকম ভিআইপি সংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৫ জানুয়ারি সাগরদ্বীপে যাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, আগামী ৫ জানুয়ারি সাগরে পৌঁছেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করার পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পরিকল্পনা রয়েছে তাঁর। পরিদর্শন শেষে ৬ জানুয়ারি কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এ বছর গঙ্গাসাগর মেলায় কোনও ভাবেই ‘ভিআইপি সংস্কৃতি’ না চলার নির্দেশ কার্যকর হচ্ছে কি না এবং মেলার সার্বিক প্রস্তুতি কতটা এগল, তা সরেজমিনে দেখতেই মুখ্যমন্ত্রীর এই সফর।

প্রসঙ্গত, নবান্নে গঙ্গাসাগর মেলা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন, সাধারণ পুণ্যার্থীদের অসুবিধা হয়, এমন কোনও কিছু বরদাস্ত করা হবে না। ভিআইপি পাস, আলাদা রাস্তা বা বিশেষ সুযোগের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সকলের জন্য সমান পরিষেবা নিশ্চিত করার উপর জোর দেন তিনি। তাঁর নির্দেশ অনুযায়ী শেষ মুহূর্তের ঘাটতি পূরণ করে মেলার নিরাপদ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এই সফরে মুখ্যমন্ত্রী কপিলমুনির মন্দিরে পুজো দিতে পারেন বলেও প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। পৌষ সংক্রান্তিতে ১৪ জানুয়ারি মঙ্গলের পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। তবে মেলা শুরু হবে ১০ জানুয়ারি থেকে। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমের সম্ভাবনায় প্রশাসন ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। মুখ্যমন্ত্রীর সরেজমিন পরিদর্শন প্রশাসনের জন্য এই প্রস্তুতি যাচাইয়ের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।