Header AD

দলই তো খুনের অভিযোগ করে! বারাবনিতে বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ অভিষেকের

ab baraboni

শনিবার, দলীয় প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে বারাবনিতে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আক্রমণ শানানেল ‘তৃণমূল সেনাপতি’। তাঁর অভিযোগ, বিজেপি (BJP) প্রার্থীর বিরুদ্ধে তাঁর দলই খুনের অভিযোগ করেছিল। পাশাপাশি পাথর কাটার কাজে নিযুক্ত সিলিকোসিস (Silicosis)আক্রান্ত শ্রমিকদের সাহয্যের আশ্বাস দিলেন তৃণমূল সাংসদ।

এদিনের সভা থেকে বিজেপি প্রার্থীকে নিশানা করতে ছাড়েননি অভিষেক। নাম না-করে বিজেপি প্রার্থীকে ‘দুষ্কৃতি’ ও ‘দুই নম্বরী’ বলেও তীব্র আক্রমণ শানান অভিষেক। তাঁর কথায়, ‘‘বিজেপির প্রার্থীর কুকীর্তি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বিজেপি রথযাত্রা চলাকালীন তৃণমূল কর্মীদের দিকে উস্কানিমূলক মন্তব্য করেন তিনি। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পার্টি অফিসে ডেকে তিন বিজেপি নেতাকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে বিজেপি কর্মীরা খুনের হুমকির মামলা পুলিশকে জানিয়েছে।” একইসঙ্গে তিনি দাবি করেন, “বিজেপি প্রার্থীকে জেতালে বারাবনিতে দুষ্কৃতিরাজ ফিরে আসবে। এরা সবাই দু’নম্বরী। জেলা বিজেপি পার্টি অফিস কয়লা দুষ্কৃতিতে ভর্তি।’’

দলীয় প্রার্থী বিধান উপাধ্যায় সম্পর্কে এদিন অভিষেক বলেন, ‘‘এখানকার প্রার্থীর আলাদা করে কোনও পরিচয় দরকার নেই। তিনি তিনবারের বিধায়ক। তাঁর বাবাও তৃণমূলের বিধায়ক ছিলেন। এখানকার মানুষের কাছে তিনি বিধায়ক কম দাদা বেশি। বছরের প্রতিদিন তিনি পার্টি অফিসে বসে মানুষের কথা শুনে সাধ্যমত সাহায্য করেন।’’ পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবসাথী, তৃণমূল সরকারের আমলে বারাবনির উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরেন তিনি। বারাবনির সাধারণ মানুষের উদ্দেশ্যে তাঁর আবেদন ‘‘তৃণমূলকে এমনভাবে জেতাতে হবে যাতে জল্লাদ বিজেপি বারাবনিতে মাটি খুঁজে না পায়।’’