Header AD
Trending

ভোট মিটতেই বাড়ল জ্বালানির দাম, চাপে সাধারণ মানুষ! লিটারপিছু কত টাকা বৃদ্ধি?

crude oil hike

দেশজুড়ে আশঙ্কাই সত্যি হল। পেট্রল ও ডিজেলের (Oil Price hike) দামে লিটারপিছু ৩ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। এর পাশাপাশি সিএনজির (CNG) দামও বাড়ানো হয়েছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভোটপর্ব শেষ হওয়ার পর থেকেই জ্বালানির দাম বৃদ্ধির জল্পনা শুরু হয়েছিল। ফল ঘোষণার পর দেশের বিভিন্ন প্রান্তে অনেকেই আগেভাগে তেল ভরতে পাম্পে ভিড় করেন। তারপরই কেন্দ্র সরকার দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করে।

নতুন দামে কলকাতায় পেট্রলের দাম হয়েছে লিটারপিছু ১০৮.৭৪ টাকা। ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৫.১৩ টাকা প্রতি লিটার। একইসঙ্গে কলকাতায় সিএনজির দাম কেজিপ্রতি ৩ টাকা বৃদ্ধি পেয়েছে। দিল্লিতেও সিএনজির দাম কেজিপ্রতি ২ টাকা বেড়েছে। মুম্বইসহ দেশের একাধিক শহরেও একই চিত্র দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালের পর দীর্ঘ সময় ধরে পেট্রল-ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। তবে চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতি এবং ইরান-আমেরিকা সংঘাতের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট তৈরি হয়। তার জেরেই বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়তে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের কারণে এতদিন মূল্যবৃদ্ধি স্থগিত রাখা হয়েছিল।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ভারত জ্বালানি ও সারের মতো বহু প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে আমদানির উপর নির্ভরশীল। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়ায় মূল্যবৃদ্ধি এড়ানো কঠিন হয়ে উঠেছে।

জ্বালানির দাম বাড়ার সরাসরি প্রভাব পরিবহণ খরচের উপর পড়বে। ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি চাপের মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ।