Header AD

‘ওঁরা বাঙালিবিদ্বেষী, নারীবিদ্বেষী, মধ্যরাতে মহিলা মুখ্যসচিবকে সরিয়ে দিলেন!’ মিছিল শেষে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করেছে। তারপরই রাজ্যের মুখ্য সচিব সরাষ্ট্র সচিব, কলকাতার পুলিশ কমিশনার, ডিজি সহ কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের বদল করেছে নির্বাচন কমিশন। কমিশনের এই নজিরবিহীন সিদ্ধান্তের প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে এবং এলপিজি সংকটের প্রতিবাদে সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করছেন তৃণমূল নেত্রী। মিছিল শেষে ডোরিনা ক্রসিংসের প্রতিবাদ সভা থেকে রাজ্যের মুখ্য সচিব ও নগরপালকে সরানোর প্রতিবাদে কমিশনের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। কমিশনের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন কেন সরালেন নন্দিনী চক্রবর্তী আর সুপ্রতীম সরকার কে?

মঞ্চ থেকে কমিশনকে একহাত নিয়ে তিনি বলেন, ‘‘গত রাতে কী করলেন? মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ততাণ্ডব করছে। বাঙালি মহিলা চিফ সেক্রেটারি, ওঁকে বদলে দিয়েছেন। ওঁরা অ্যান্টি উইম্যান… এ যেন মগের মুলুক। এক জন মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন। এক বার রাজ্যকে জিজ্ঞাসাও করলেন না!” এরপর তিনি কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “ডিজি কে ছিলেন পীযূষ পাণ্ডে। তাঁকেও এক কথায় বাদ। আপনারা শুধু বাঙালি নয়, অবাঙালিদেরও বাদ দিচ্ছেন। আসলে আপনারা বেছে বেছে দেখছেন কারা বিজেপির হয়ে কাজ করবে। যাঁকেই পাঠান, তাঁরা আমাদের হয়ে কাজ করবেন। মানুষের হয়ে কাজ করবেন।”

একই সঙ্গে বিজেপি ও কমিশনকে নিশানা করে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘কেন চেঞ্জ করলেন সিপি সুপ্রতিমকে (সরকার)? টাকা ঢোকাবেন সে জন্য? হামলা করবেন যাতে ধরতে না পারেন সে জন্য? আমরাও নজর রাখব।’’তারপর হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘‘পুলিশকে ‘থ্রেট’ করে লাভ নেই। ওরা চাকরি করে। চাকরিটা আপনারা দেননি। ওরা নিজেদের যোগ্যতায় পেয়েছে চাকরি। এক মাসের জন্য বদলে আবার বলছে পরে দেখে নেবে… তোমরা ঘেঁচু করবে।’’ বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘তোমার পরিবর্তনের সংকল্প গল্প হয়ে থেকে যাবে। তোমার পরিবর্তন হবে না। তৃণমূলের প্রত্যাবর্তন হবে।’’

সভা মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর দাবি, ‘‘আমরা মাছের কাঁটা বাছি, আপনারা রাজনীতির উকুন বাছেন। সব চেঞ্জ করে দিন, তার পরেও বাংলার সরকার বদলাবে না। লিখে নিন।’’