Header AD

‘পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে হানা দিচ্ছে!’ দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানায় কেন্দ্রকে তোপ মমতার

cm choochbehar

ভোটের মুখে শুক্রবার সকালে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও পার্টি অফিসে আয়কর হানা দেয়। গোটা ঘটনা নিয়ে কোচবিহারের জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, “কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে। আর আমার প্রার্থীর বাড়ি, পার্টি অফিসে তল্লাশি করছে। আমার বিমানেও তল্লাশি করতে গিয়েছিল। নির্লজ্জ, বেহায়া, সামনাসামনি লড়াই করতে পারে না। ভীতু, কাপুরুষ।” এমনকি বিজেপি নেতাদের বাড়ি কেন তল্লাশি হচ্ছে না সভা থেকে সেই প্রশ্নও তোলেন তিনি।

কোচবিহারের রাসমেলা ময়দানে শুক্রবার নির্বাচনী জনসভা করেন মমতা। সেখানে ভোটে এজেন্সি নিয়োগ এবং তাদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই বিষয়ে কেন্দ্র সরকারকে চাঁচাছোলা আক্রমণ করে তিনি বলেন, “এখানে বিজেপির (BJP) বড় নেতা, জেড প্লাস সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়। হরিদাস! এক এক জন ২০-২৫টা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়ায়। বাড়ি থেকে বেরোলে কেউ তাকিয়েও দেখে না। গুন্ডামি করছে সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে। তাদের নিরাপত্তা প্রত্যাহার করে না, শুধু তৃণমূলের। কটা বিজেপির (নেতার) বাড়ি তল্লাশি হয়েছে আমি জানতে চাই।”

পাশাপাশি বিজেপি-কে বিঁধে মমতা বলেন, “পোলিং এজেন্ট নেই। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছো।” এর পরে দলের উদ্দেশে তিনি আরও বলেন, “ওরা যে অবস্থায় গিয়েছে, ওরা পার্টি অফিসও চেক করতে পারে। মানে শেষ মরণ কামড়। ওই মরণ কামড়ের বিষটা ভেঙে দিতে হবে। ওর কোনও ভ্যালু নেই। ভোটের পরে জ়িরো। এখন সব দেখাচ্ছে। ভোটের আগে ইডি-টিডি, সিবিআই-টিবিআই করে। তার পরে আজ পর্যন্ত কোনও কেস ফয়সলা করতে পারে না। নির্লজ্জ। ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমি যদি ভয় না পাই, আপনারা কেন ভয় পাবেন!”

এরপরই তিনি বলেন, “ইলেকশন আসলেই ভোট দাও, ভোট দাও। ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, সেন্ট্রাল ফোর্স আছে। সকলকে একপক্ষ করে দিয়েছে। কোনও দিন এ জিনিস আমি দেশে দেখিনি।” পাশাপাশি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “গণতন্ত্র বুলেট নয়, ব্যালটে চলে। এটা মাথায় রাখবেন। গণতন্ত্রে বন্দুক নয়, ভোট হচ্ছে আসল ক্ষমতা। ভারতের সংবিধান বলেছে ধর্মনিরপেক্ষতার কথা, সকলের সমান অধিকারের কথা।”