গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে সোমবার কলেজ স্কোয়্যার থেকে বিকেল ৪টেয় ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মিছিলের শুরুতে বিজেপিকে বিঁধে তিনি বলেন, “যেভাবে আমাদের উপর হামলা হল তা বাংলার মানুষ দেখেছে। আইন আইনের পথে চলবে। এইভাবে গুন্ডামি করে বাংলা জেতা যাবে না।” মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে সভামঞ্চে এসে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “কেন্দ্রের গাফিলতিতে জ্বালানি সংকট হয়েছে। গ্যাসের দাম যেভাবে বেড়েছে, সার্ভার কাজ করছে না। মানুষ অ্যাপ্লাই করতে পারছে না। মানুষ গ্যাস পাচ্ছে না। একবারও ভাবলেন না। চালাকি করে ছলনা করে সার্ভার বন্ধ করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। নির্বাচনের স্বার্থে হঠাৎ গ্যাস বন্ধ করে দিলেন। সার্ভার ওপেন করুন। গ্যাস দিন মানুষকে, গ্যাস বেলুন নয়।” এরপরই কেন্দ্রকে নিশানা করে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, “সাধারণ মানুষ কেন গ্যাস পাবে না?”

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। তার ওপর গ্যাসের দাম বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। এর প্রতিবাদে সোমবার মিছিলের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই এদিন মিছিল হয় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। মিছিল শেষে তৃণমূল সুপ্রিমো বলেন, গতকাল(রবিবার ) ভোট ঘোষণা হয়েছে। কিন্তু আমাদের মিছিল আগে থেকেই ঠিক করা ছিল।” এরপরই জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “হোটেল, দোকানদার, গ্রামের মানুষ, সাধারণ মানুষ কেন গ্যাস পাবে না। আমরা প্রথম দিন থেকে এর প্রতিবাদ করেছি। আমাদের সরকার কেরোসিনের কোটা বাড়িয়েছে। লক্ষ লক্ষ মানুষ হোম ডেলিভারির সঙ্গে যুক্ত। একবার তাদের কথা ভাবলেন না?”

শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা নিয়েও এদিন কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এত পাবলিসিটি না করে গ্যাসের দামটা ঠিক করতে পারতেন। উনি (প্রধানমন্ত্রী) বলেন, এখানে কাজ নেই। তাই বাইরে যাচ্ছে বাঙালি। আমি বলি, উত্তরপ্রদেশ, বিহারের কত মানুষ বাংলায় কাজ করেন? তোমাদের রাজ্যে মেধা নেই বলে বাঙালিদের নিয়ে যাও।” কেন্দ্রকে বিঁধে মমতা বলেন, “নোটবন্দিতে লাইন, এসআইআরে লাইন, গ্যাসের জন্য লাইন। আর কত লাইন দেবে মানুষ। বিনাশকালে বুদ্ধিনাশ। আমাদর পরিযায়ী শ্রমিকরা যেতে চায় না। তারা মেধাবী তাই পায়ে ধরে নিয়ে যান।” মানুষকে আশ্বস্ত করে মমতা বলেন, “ভরসা রাখুন, আস্থা রাখুন। কোনও রকম প্ররোচনায় পা দেবেন না। নির্বাচনের স্বার্থে গ্যাস নিয়ে রাজনীতি করছে বিজেপি। ব্রিগেড ভরাতে ক্যাশ দিচ্ছে। দেশের প্রধানমন্ত্রী বলেন, মিটিংয়ের পর ওদের দেখে নেব। আমি বলি সব হিসেব হবে। যতই কর হামলা,আবার জিতবে বাংলা।”
নাম না করে এদিন দিলীপ ঘোষকেও নিশানা মমতা। তিনি বলেন, ‘‘আজ এখানে আসার আগে একটা ভিডিও দেখছিলাম। ওদের একজন নেতা বলছে, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি আক্রান্ত হয়েছে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের বাড়ি আক্রান্ত হবে। কালীঘাট আক্রান্ত হবে… আমি বলি বুকের পাটা থাকলে দেখা! লড়ে নেব। সব কটাকে লড়ে নেব। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। ঘাসের জন্ম দিই।’’
কমিশনকে হিন্দুবিরোধী বলে তোপ দাগলেন মমতা। মধ্যরাতে গুপ্ত তাণ্ডব চালাচ্ছে কমিশন বলেও তোপ দাগেন তৃণমূলনেত্রী। গেরুয়া শিবিরকে তুলোধোনা করে তৃণমূলনেত্রী বলেন, “এবার বিজেপিকে ধাক্কা দেবে মানুষ। ভোটের আগে টাকা বিলি করছে বিজেপি। হুঁশিয়ারি দিলেন, “এবার দুরন্ত গতিতে খেলা হবে।বিজেপিকে ছক্কা মারুন। ছক্কা মেরে অক্কা করে দিতে হবে। তৃণমূল কংগ্রেস জিতছে। বাংলার মানুষ জিতছে। এ বার আমাদের সিট আরও বাড়বে, তোমরা রসাতলে যাবে।”





