অসমে TMC-র নজর, ১৭ আসনে প্রথম দফার প্রার্থী ঘোষণা
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস (TMC) এবার জোর দিচ্ছে অসমে (Assam Assembly election 2026) নিজেদের সংগঠন শক্তিশালী করার দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল ইতিমধ্যেই প্রথম দফায় ১৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই তালিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাঙালি ও সংখ্যালঘু ভোটারদের। কোকরাঝাড় জেলার বাওখুঁগ্রী আসনে উদাংশ্রী নার্জারি, ধুবড়ির বিলাসীপাড়ায় মোমিনুর ইসলাম এবং গোয়ালপাড়ার জলেশ্বরে আরিফ আকবর আহমেদকে প্রার্থী করা হয়েছে। এছাড়া কল্যাণী কলিতা, বিকাশ নাথ যোগী, আমিরুল ইসলাম এবং দুলু আহমেদসহ একাধিক নতুন মুখ জায়গা পেয়েছেন তালিকায়।

অসমে দলের রাজ্য সভানেত্রী সুস্মিতা দেব (Susmita Dev) জানিয়েছেন, প্রাথমিকভাবে ৫১টি আসনে লড়াই করার পরিকল্পনা রয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, এমন কোনও আসনে প্রার্থী দেওয়া হবে না যাতে ভারতীয় জনতা পার্টির সুবিধা হয়। প্রয়োজনে আসন সংখ্যা কমানোও হতে পারে।
দলের প্রভাবশালী নেতা দুলু আহমেদ জানিয়েছেন, বিজেপিকে হারানোই তাদের মূল লক্ষ্য। যেখানে কংগ্রেস জোট শক্তিশালী অবস্থানে রয়েছে, সেখানে তৃণমূল প্রার্থী দেবে না বলেও ইঙ্গিত মিলেছে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রচারেও জোর দিচ্ছে তৃণমূল। ১৮ জন তারকা প্রচারকের তালিকায় শীর্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরেই আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এছাড়াও তালিকায় রয়েছেন সুস্মিতা দেব, মহুয়া মৈত্র (Mohuya Moitra), শত্রুঘ্ন সিনহা (Shatrughna Sinha), বাবুল সুপ্রিয় (Babul Supriyo), কীর্তি আজাদ (Kirti Azad), সায়নী ঘোষ (Sayani Ghosh), ইউসুফ (Yousuf Pathan)পাঠানসহ একাধিক পরিচিত মুখ।
অসম-সহ গোটা উত্তরপূর্ব ভারতে সংগঠন বিস্তারই এখন তৃণমূলের প্রধান লক্ষ্য বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।





