বুধবার সকাল সকাল আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে নমিনেশন জমা দিলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুরে মনোনয়ন জমা দিতে গিয়ে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী, বললেন- ‘আমরাই সরকার গড়ব’…।পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ নিয়ে আফশোসের সুর শোনা গেল তাঁর কথায়। বললেন, ‘আজ আমি দুঃখিত, মর্মাহত, এত নাম বাদ দিয়েছে মানুষের।”
বুধবার সকাল থেকেই ভবানীপুরের রাস্তায় ছিল উপচে পড়া জনসমাগম, চারদিকে ‘দিদি, দিদি’ ধ্বনি—সব মিলিয়ে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়।নিজের বাড়ি থেকে হেঁটেই আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত যান তৃণমূল নেত্রী। প্রিয় নেত্রীকে একঝলক দেখার জন্য ভিড় জমায় অসংখ্য মানুষ। জনতার শুভেচ্ছা ও আশীর্বাদ গ্রহণ করতে করতেই মনোনয়ন জমা দেন তিনি।
মনোনয়ন জমার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি SIR প্রক্রিয়ায় বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে দুঃখ প্রকাশ করেন। তাঁর কথায়, “আজ আমি দুঃখিত, মর্মাহত, এত নাম বাদ দিয়েছে মানুষের।”প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়ায় তিনি “মর্মাহত”। তিনি বলেন, ‘আমি এখনও বলব, এটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল। ৩২ লক্ষ নাম উঠেছে ১ কোটি ২০ লক্ষের মধ্যে। সেটাও আমার কোর্টে কেস করার জন্য। ‘
ভবানীপুরকে নিজের ‘ঘরের জায়গা’ বলেই উল্লেখ করেন বিদায়ী মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি এখানেই আছি।আমি এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু শুরু। ছোটবেলা থেকেই ভবানীপুর আমার জীবনের অংশ।ভবানীপুরের মানুষকে আমার প্রণাম। ভবানীপুরের পাশাপাশি ২৯৪ কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলব।’”তিনি আরও বলেন, ‘আমি ৩৬৫ দিনই ভবানীপুরে থাকি। আমার ধর্ম-কর্ম-আন্দোলন সব কিছুই ভবানীপুরকে ঘিরে।”





