সকালের ব্যস্ত সময়ে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল শিয়ালদহ-বনগাঁ শাখার (Sealdah-Bongaon Local) ট্রেন পরিষেবা। বুধবার সকালে দমদম স্টেশনের আগে আচমকাই থমকে যায় শিয়ালদহমুখী একাধিক লোকাল ট্রেন। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বহু যাত্রী ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটতে শুরু করেন।
রেল সূত্রে জানা গিয়েছে, বারাসত-শিয়ালদহ লোকাল, যার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ দমদমে পৌঁছনোর কথা ছিল, সেটি মাঝপথে প্রায় ৪০ মিনিট আটকে থাকে। একইভাবে দমদম ক্যান্টনমেন্টের আগেই দাঁড়িয়ে যায় বনগাঁ-শিয়ালদহ মাতৃভূমি লোকাল-সহ আরও কয়েকটি ট্রেন।
প্রায় ৪০ মিনিট দেরিতে ট্রেনগুলি দমদম স্টেশনে পৌঁছলে প্ল্যাটফর্মে ব্যাপক ভিড় তৈরি হয়। অতিরিক্ত ভিড়ের চাপে যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। অনেক যাত্রীর অভিযোগ, ট্রেন কেন দাঁড়িয়ে রয়েছে সে বিষয়ে প্রথম দিকে রেলের তরফে স্পষ্ট কোনও ঘোষণা করা হয়নি। যদিও অন্য কয়েকজন যাত্রী জানান, পরে স্টেশন থেকে ঘোষণা করে জানানো হয় যে পয়েন্টের প্রযুক্তিগত ত্রুটির কারণেই ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে।
ডাউন লাইনে এই বিপর্যয়ের জেরে আপ লাইনেও ট্রেন চলাচল ব্যাহত হয়। ফলে সকাল অফিসযাত্রীদের একাংশকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।





