Header AD
Trending

ডিম-বিক্ষোভের আশঙ্কায় তৃণমূল ভবনের বৈঠক স্থগিত, গোপন স্থানে কাউন্সিলরদের নিয়ে বৈঠকের পরিকল্পনা!

cm bhawanipur

কলকাতা পুরসভার নতুন মেয়র নির্বাচনকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে জোর তৎপরতা শুরু হয়েছে। এরই মাঝে সম্ভাব্য বিক্ষোভ ও জনরোষের আশঙ্কায় রবিবার বিকেলে তৃণমূল ভবনে ডাকা কাউন্সিলরদের বৈঠক শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। দলীয় সূত্রে খবর, বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই বৈঠকে কাউন্সিলরদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পাশাপাশি তৃণমূল ভবনের বাইরে বিক্ষোভ, এমনকি ডিম ছোড়ার মতো ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

দলীয় নেতৃত্বের কাছে খবর পৌঁছায় যে, অনেক জনপ্রতিনিধিই সম্ভাব্য অস্বস্তিকর পরিস্থিতির কারণে বৈঠকে যোগ দিতে অনিচ্ছুক। সেই পরিস্থিতি বিবেচনা করেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি উড়ে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে তৃণমূল ভবনের সামনে কোনও ধরনের বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনা ঘটুক, তা দল মোটেই চাইছে না। রাজনৈতিকভাবে নেতিবাচক বার্তা এড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

তবে মেয়র নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া থেমে থাকছে না। সূত্রের দাবি, কাউন্সিলরদের নিয়ে অন্য কোনও নির্দিষ্ট ও গোপন স্থানে বৈঠকের আয়োজন করা হতে পারে। সেখানে নতুন মেয়র নির্বাচনের প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করানোর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ফিরহাদ হাকিম (Firhad Hakim) মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই কলকাতা পুরসভার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকার পুরবোর্ড কেন ভেঙে দেওয়া হবে না, তা জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে এবং তিন দিনের মধ্যে জবাব চেয়েছে।

এর মধ্যেই নতুন মেয়র নির্বাচন নিয়ে তৃণমূলের তৎপরতা বেড়েছে। একাধিক নাম নিয়ে জল্পনা চললেও, বিশেষ করে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)-কে ফের মেয়র পদে আনার সম্ভাবনা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। তবে বৈঠক স্থগিত হওয়ায় সেই প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ এখন গোপনীয়তার আবরণেই থাকছে।