হাতে আর মাত্র এক মাস বাকি। তারপরই রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)-এর ভোটযুদ্ধে নামবেন বাংলার মানুষ। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ। সেই ভোটকে সামনে রেখে এখন থেকেই জোরকদমে প্রচারে নামছে রাজ্যের শাসকদল।
দলীয় সূত্রে জানা যাচ্ছে, বিজেপিকে রুখতে রাজ্যের দুই প্রান্তে আলাদা করে প্রচারের দায়িত্ব নিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহ থেকেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। ২৪ মার্চ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা দিয়ে শুরু হবে তাঁর জেলায় ভোটপ্রচার পর্ব। একই দিনে তিনি মাটিগাড়া ও ময়নাগুড়িতেও সভা করার পরিকল্পনা করেছেন। এর আগে রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মীসভা করবেন। চেতলা সংলগ্ন অহীন্দ্র মঞ্চে সেই কর্মীসভা সেরে সরাসরি উত্তরবঙ্গের পথে রওনা দেবেন তিনি।
উল্লেখ্য, উত্তরবঙ্গের সব জেলাতেই ভোট হবে প্রথম দফাতেই অর্থাৎ ২৩ এপ্রিল। তাই সময় থাকতে সেখানকার সংগঠন মজবুত করতেই এই উদ্যোগ।
রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এখনও বিজেপির শক্ত ঘাঁটি। যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে।এবার উত্তরবঙ্গ পাখির চোখ তৃণমূল নেত্রীর। সেই কারণেই নিজেই প্রচারের হাল ধরছেন তৃণমূল সুপ্রিমো।
অন্যদিকে, জানা যাচ্ছে, একই দিন অর্থাৎ ২৪ মার্চ থেকে দক্ষিণবঙ্গে প্রচার শুরু করছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪ মার্চ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তাঁর প্রথম জনসভা হওয়ার কথা।বলা দরকার, ডায়মণ্ড হারবার অভিষেকের নিজের লোকসভা কেন্দ্র। সেই খান থেকেই প্রচারে নামছেন ডায়মণ্ড হারবারের সাংসদ। এরপর ২৫ মার্চ নন্দীগ্রাম-সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একাধিক সভা করবেন তিনি—দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়ে জনসভা এবং নন্দীগ্রামে কর্মিসভা করার সম্ভাবনা রয়েছে।
বিশেষ নজর থাকছে নন্দীগ্রামে, যেখানে এবারও জমজমাট লড়াইয়ের সম্ভাবনা। বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হিসেবে মাঠে নামছেন পবিত্র কর, যিনি একদা শুভেন্দু ঘনিষ্ঠ হলেও সম্প্রতি অভিষেকের হাত ধরেই তৃণমূল দলে যোগ দিয়েছেন।
এছাড়াও জানা গিয়েছে, ২৬,২৮ ও ৩১ মার্চ উত্তরবঙ্গের মোট ৯টি বিধানসভা কেন্দ্রে জনসভা ও রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি ২৭, ২৯ ও ৩০ তারিখ দক্ষিণ বঙ্গে জনসভা করবেন তিনি। গোটা মার্চ জুড়েই বিভিন্ন জেলায় জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত থাকবেন অভিষেক।
সব মিলিয়ে, ভোটের একমাস আগে থেকেই রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়াতে শুরু করেছে তৃণমূলের এই ঝড়ো প্রচার অভিযান।





