ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari) সফর ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লোকসভা এলাকার তৃণমূল বিধায়ক পান্নালাল হালদারকে শনিবার প্রশাসনিক ভবনের বাইরে ফুলের তোড়া হাতে অপেক্ষা করতে দেখা যায়।
সেই সময় মুখ্যমন্ত্রী জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন। বাইরে দাঁড়িয়ে পান্নালাল জানান, তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এবং সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। তাঁর কথায়, একজন বিধায়ক হিসেবে এলাকার সফরে আসা মুখ্যমন্ত্রীকে সম্মান জানানো তাঁর দায়িত্ব।
তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, দীর্ঘদিনের তৃণমূল বিধায়ক হঠাৎ কেন শুভেন্দুর সঙ্গে দেখা করতে চাইলেন? যদিও পান্নালাল স্পষ্ট জানিয়েছেন, এর সঙ্গে দলবদলের কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, “এ সব অযথা জল্পনা। আমি শুধু সৌজন্যবশত এসেছিলাম।”
পান্নালাল আরও জানান, আগের দিন মুখ্যমন্ত্রী নিজেই তাঁকে দেখা করার কথা বলেছিলেন। সেই কারণেই তিনি নির্দিষ্ট সময়ে প্রশাসনিক ভবনে পৌঁছেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠকে ঢুকে যাওয়ায় আর দেখা হয়নি। পরে কিছুক্ষণ অপেক্ষা করে তিনি ফিরে যান।
উল্লেখ্য, শনিবার থেকেই মুখ্যমন্ত্রী তাঁর দক্ষিণ ২৪ পরগনা সফর শুরু করেছেন। সামনেই ফলতা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে সেখানে জনসভা করারও কর্মসূচি রয়েছে তাঁর।





