Header AD

চলতি সপ্তাহ থেকেই প্রচারের ঝড় তুলবেন তৃণমূল সুপ্রিমো, উত্তর-দক্ষিণ মিলিয়ে একাধিক কর্মসূচী

mamata campaign

মঙ্গলবার থেকেই রাজ্য রাজনীতিতে নতুন গতি আনতে ঝোড়ো নির্বাচনী প্রচারে (Election Campaign)নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গের খারাপ আবহাওয়ার কারণে তাঁর প্রচার সূচি একদিন পিছিয়ে গেলেও, সংশোধিত সূচি অনুযায়ী ২৪ মার্চ থেকেই শুরু হচ্ছে তাঁর কর্মসূচি। উত্তর বঙ্গের পাশাপাশি দক্ষিণ বঙ্গ জুড়ে ভোট প্রচারে নামছেন তৃণমুল সুপ্রিমো।

সুত্রের খবর, প্রথম দিন অর্থাৎ ২৪ মার্চ জলপাইগুড়িতে পৌঁছে চালসার জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্চে একটি ঘরোয়া বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। এরপর সেখানেই রাত্রিবাস করবেন তিনি। পরদিন, বুধবার একাধিক জনসভায় ব্যস্ত থাকবেন তৃণমূল সুপ্রিমো। জলপাইগুড়ির ময়নাগুড়িতে দিনের প্রথম সভা দিয়ে প্রচার শুরু হবে। তারপর শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়ি—এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন তিনি। নির্বাচনের মুখে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে শাসক দল, আর সেই কারণেই প্রচারের শুরুতেই এই অঞ্চলকে বেছে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

উত্তরবঙ্গে প্রথম দফার প্রচার শেষ করেই দক্ষিণবঙ্গের দিকে ঝাঁপাতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশিত সূচি অনুযায়ী টানা কয়েকদিন ধরে দক্ষিণের একাধিক জেলায় জনসভা করে নির্বাচনী প্রচারে গতি আনবেন তিনি। ২৬ মার্চ, বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে আকাশপথে অন্ডালে পৌঁছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে প্রথম জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। একই দিনে বীরভূম জেলার দুবরাজপুরেও রয়েছে তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ সভা, যা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পরদিন, ২৭ মার্চ বাঁকুড়া জেলায় প্রচারে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন ছাতনা এবং ওন্দা বিধানসভা কেন্দ্রে হবে তাঁর জনসভা। ২৮ মার্চ, শনিবার পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রানিগঞ্জ, রঘুনাথপুর এবং কাশীপুর—এই তিন কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন তিনি। এরপর ২৯ মার্চ আবারও পুরুলিয়া ও বাঁকুড়ায় প্রচারে নামবেন তৃণমূল নেত্রী। সেদিন মানবাজার ও রায়পুরে জনসভা করে প্রচার সারবেন তিনি। নির্বাচনের আগে একটানা এই ম্যারাথন প্রচারসূচি থেকেই স্পষ্ট, রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পৌঁছে সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে তৃণমূল নেতৃত্ব।

আগামী সপ্তাহে জঙ্গলমহল ও দুই মেদিনীপুরকে কেন্দ্র করেই প্রচারের ঝাঁজ বাড়াতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রকাশিত সূচি অনুযায়ী টানা একাধিক জনসভায় অংশ নেবেন তৃণমূল সুপ্রিমো। ৩০ মার্চ, সোমবার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের একাধিক কেন্দ্রে সভা করবেন তিনি। পাঁশকুড়া পশ্চিম, ডেবরা এবং নারায়ণগড়—এই তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা রয়েছে তাঁর। পরেরদিন, ৩১ মার্চ প্রচার চলবে আরও বিস্তৃত পরিসরে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ও গড়বেতার পাশাপাশি বাঁকুড়ার বিষ্ণুপুরেও সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এখনও পর্যন্ত এটাই তৃণমূল নেত্রীর নির্ধারিত প্রচারসূচি। তবে রাজনৈতিক মহলের মতে, আসন্ন ভোটকে সামনে রেখে আগামী দিনগুলোতে প্রচারের তীব্রতা আরও বাড়বে।

আগামী মাসেই রাজ্যে ভোটগ্রহণ—২৩ ও ২৯ এপ্রিল দুদফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে ১ এপ্রিল থেকে প্রচারের গতি যে আরও বাড়বে, তা একপ্রকার নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।