Header AD

ফারাক্কায় কেন্দ্রের অধীনস্ত জমি ফেরানোর জন্য আন্দোলন করবে তৃণমূল, মুর্শিদাবাদে বড় ঘোষণা অভিষেকের

ab farakka

রাজ্যে শিয়রে ছাব্বিশে বিধানসভা নির্বাচন। এই আবহে বিজেপি (BJP) এবং কংগ্রেসকে (Congress)একযোগে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুর্শিদাবাদের আল-আমান শিক্ষা মিশন গ্রাউন্ড থেকে ফরাক্কার জিগরি মোড় পর্যন্ত শনিবার এক সুবিশাল রোড শো শেষে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লোকসভায় মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “সংবিধান আমরা পাল্টাতে দেব না। যারা গায়ের জোরে দেশ ভাগ করতে চেয়েছিল ডিলিমিটেশনের নাম করে, কালকে লোকসভায় মুখ থুবড়ে পড়েছে।” পাশাপাশি ফারাক্কা ব্যারেজ সংলগ্ন কেন্দ্রের অধীনস্ত জমি পুনরুদ্ধারের জন্য তৃণমূল আন্দোলন শুরু করবে বলেও ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই এলাকার সবচেয়ে বড় সমস্যা গঙ্গাভাঙন নিয়ে সরাসরি কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন অভিষেক। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী একাধিকবার চিঠি দিয়ে এই গঙ্গাভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানালেও কেন্দ্র কোনও পদক্ষেপ নেয়নি। এদিন স্থানীয় ছিন্নমূল মানুষদের জন্য বড় ঘোষণা করে তিনি বলেন, “নির্বাচনের পর ফরাক্কা ব্যারাজের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে অব্যবহৃত জমিগুলো রয়েছে, তা ফেরত নেওয়ার আন্দোলন তৃণমূল শুরু করবে। সেই জমিতে ঘরবাড়ি হারানো মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করব, এটা আমাদের প্রতিজ্ঞা।” এছাড়া শমসেরগঞ্জে ভাঙন রোধে ১০০ কোটি টাকার বেশি কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান।

এদিন হুমায়ুন কবিরকে নিশানা করে তিনি বলেন, “মুর্শিদাবাদ জেলা জুড়ে যে ভয়ঙ্কর খেলা চলছে আপনারা দেখেছেন। এখানে বিজেপির তিনটে এজেন্সি কাজ করছে। এক হচ্ছে নির্বাচন কমিশন – গরীব মানুষের, সংখ্যালঘু ভাইয়েদের নাম কাটা। দুই হচ্ছে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস। আর তিন হচ্ছে, আমি নাম বলছি না, মিম, ডিম, যুপ, ঝুপ অনেক কিছু রয়েছে। তাদের প্রকৃত চেহারাটা আপনারা দেখেছেন, জনসমক্ষে চলে এসছে। যে ভিডিও আপনারা দেখেছেন, সেখানে তারা বলছে যে মুসলমান ভাইদের বোকা বানানো খুব সোজা। আমাদের আবেগ নিয়ে খেলছে। আমি আপনাদের বলব মুসলমান, হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান না বাঙালিকে বোকা বানাতে চাইছে। আগামী তেইশ তারিখ তাদের কড়ায়গণ্ডায় জবাব দিয়ে ল্যাজে গোবরে করতে হবে। “

অসমে এনআরসি প্রসঙ্গে কংগ্রেসের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “কংগ্রেস অসমে এনআরসি রুখতে পারেনি। গত নির্বাচনে কংগ্রেসকে জিতিয়েও এলাকার মানুষ কোনও পরিষেবা পাননি বলে অভিযোগ করেন অভিষেক।