পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। তার প্রভাব পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নীতির কড়া সমালোচনা করেছে রাজ্যের শাসকদল। অভিযোগ, সংকট সামাল দেওয়ার বদলে সাধারণ মানুষের ওপরই চাপ বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই ৬০ টাকা বেড়েছে ঘরোয়া গ্যাসের দাম, বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ১১৪ টাকা। অথচ যোগানে বিপুল ঘাটতি। বাজারে গাড়ির জন্য ব্যবহৃত সিএনজি-র জোগানেও দেখা দিয়েছে ঘাটতি। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতির প্রতিবাদেই সোমবার পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেল ৪টেয় কলকাতায় প্রতিবাদ মিছিলে অংশ নেবেন তিনি। জ্বালানির মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রের নীতির বিরুদ্ধে সরব হতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। মিছিল হবে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দেশের জ্বালানি সংকটের সময়ে কেন্দ্রীয় সরকার কার্যত নীরব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কলকাতার ব্রিগেডে সভা করলেও এত বড় সমস্যার বিষয়ে কোনও স্পষ্ট অবস্থান নেননি বলে দাবি শাসকদলের। তাদের আরও অভিযোগ, কেন্দ্র নিজে দায়িত্ব না নিয়ে পরিস্থিতি সামলানোর ভার রাজ্যগুলির ওপর চাপিয়ে দিয়েছে। যদিও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ইতিমধ্যেই একাধিক বৈঠক করে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজ্যে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশিকা (SOP) জারি করা হয়েছে বলেও জানানো হয়েছে।
এই ইস্যুতেই সোমবার শহরের রাজপথে নামছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-র উপস্থিতিতে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে। তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকদের বড় অংশ এই কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গেছে।





