বড় রকম অশান্তি ছাড়াই রাজ্যে দুদফার ভোট মিটেছে । আপাতত ইভিএমে (EVM) সিলমোহরে মোড়া রয়েছে শাসক ও বিরোধী প্রার্থীদের ভাগ্যে—চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী সোমবার, ৪ মে-র গণনায়। তার আগেই গণনাকে ঘিরে আইনি লড়াই শুরু। কলকাতা হাই কোর্ট-এ (Kolkata High Court) দায়ের হয়েছে জোড়া মামলা। নির্বাচন কমিশনের (Election Commission Of India) একাধিক সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)এবং আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। বৃহস্পতিবারই দুপুর ২টার পর মামলাগুলির শুনানি হতে পারে বিচারপতি কৃষ্ণা রাও-এর এজলাসে। গণনার আগে আদালতের এই শুনানি ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে রাজনৈতিক চাপানউতোর।
গণনা কেন্দ্রের সুপারভাইজার পদে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন—আর এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্ট-এর দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, এই ধরনের একতরফা সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমিশনের নেই এবং একাধিক যুক্তি তুলে ধরে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
অন্যদিকে, আলাদা একটি মামলায় একই দিনে আদালতে গিয়েছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর অভিযোগ, আচমকাই গণনা কেন্দ্রের স্থান পরিবর্তন করছে কমিশন, যা স্বভাবতই প্রশ্ন তুলছে স্বচ্ছতা ও গণনা প্রক্রিয়া নিয়ে। দুটি মামলারই শুনানি হওয়ার কথা আজ, বৃহস্পতিবার দুপুর ২টার পর বিচারপতি কৃষ্ণা রাও-এর এজলাসে। ফলে ভোট গণনার আগে এই আইনি লড়াই কোনদিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়। আর বুধবার, ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দফা। এখন সবার নজর আগামী ৪ মে, ভোট গণনার দিকে। তবে তার আগেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে গণনা কেন্দ্রের সংখ্যা নিয়ে। এবার নির্বাচন কমিশন গণনা কেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। ২৯৪টি আসনের জন্য মোট ৮৭টি কেন্দ্রে গণনা হবে, যেখানে আগের বিধানসভা নির্বাচনে এই সংখ্যা ছিল ১০৮। হঠাৎ এই সংখ্যা কমানোয় প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। এই সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয়েছে আইনি লড়াই। বিষয়টি গড়িয়েছে কলকাতা হাই কোর্ট-এ, যেখানে ইতিমধ্যেই দায়ের হয়েছে মামলা। ফলে গণনার আগে কমিশনের এই পদক্ষেপ কতটা বহাল থাকে, তা এখন আদালতের পর্যবেক্ষণের উপরেই নির্ভর করছে।





