আর জি করের (r g kar news) পর এবার এসএসকেএম (sskm hospital )। একই দিনে রাজ্যের আরও এক সরকারি হাসপাতালে মিলল এক যুবকের দেহ। শুক্রবার সকালে এসএসকেএম হাসপাতালে উদ্ধার হল এক সাফাইকর্মীর ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, তিনি গ্যাস্ট্রো বিভাগে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ইমরান সর্দার, বয়স ২২ বছর। তিনি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন। শুক্রবার সকালে হাসপাতালের কর্মীদের নজরে আসে তাঁর ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যুবক আত্মঘাতী হয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে তদন্তকারী দল। যদি আত্মঘাতী হওয়ার ঘটনাই হয়ে থাকে, তাহলে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার সকালেই আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের লিফট থেকে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ছেলেকে দেখতে স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে তিনি পাঁচতলার ট্রমা কেয়ারে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই তীব্র ঝাঁকুনি দিয়ে লিফটটি বিকল হয়ে পড়ে এবং উপরে ওঠার বদলে নীচে নেমে যায়। পরে কোনওভাবে লিফট খুলে তিনজনকে উদ্ধার করা হলেও, ততক্ষণে অচেতন হয়ে পড়েছিলেন অরূপ। চিকিৎসকেরা পরে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে তাঁর স্ত্রী ও সন্তান সুস্থ রয়েছেন। এর মধ্যেই এসএসকেএম হাসপাতালে চুক্তিভিত্তিক সাফাইকর্মী ইমরানের দেহ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।





