Header AD
Trending

হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে বিধানসভায় শোরগোল! জবাবে বিধায়ককে ‘সবক’ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

humayun suvendu

নওদার বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun kabir) বিতর্কিত‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের প্রতিবাদে সোমবার ঝড় উঠল বিধানসভায়। বিধায়ককে ‘সবক’ শেখাতে আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অধিবেশন চলাকালীন এনিয়ে রাজ্যের মন্ত্রী তথা পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষের আবেদন মেনে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।সেখানেই নওদার বিধায়ককে কার্যত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী।

সোমবার বিধানসভা অধিবেশনের শুরুতেই কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ হুমায়ুন কবিরের মন্তব্যের নিন্দা করেন। নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রীর সাফ জানিয়ে দেন, ‘‘এই দুটো ঘটনার পর আমার মনে হয়েছে এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। দুটো বক্তব্য নিয়ে এফআইআর হয়েছে। রেজিনগর আর শক্তিপুর থানায়। ভারতীয় ন্যায় সংহিতার সব ধারা দিয়েছি।মনে রাখবেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে সেসময় যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এখন এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। দুটো কেস আমরা রুজু করেছি। বিএনএস এর সব মামলা দিয়েছি। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। আমি এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছি। দেখব কী করে। দেশে আইন শেষ কথা বলে, কোনও বাপের বেটা বলে না।আপনি এইসব হুঁশিয়ারি বন্ধ করুন। যারা ওই সভায় আপনাকে ডেকেছিল, আগে তাদের তুলব। তারপর আপনার কাছে যাব। আর এটাই আপনার শেষ বক্তব্য। এভাবে আপনাকে বেপরোয়া মন্তব্য আর করতে দেব না, দেব না, দেব না।”

সোমবার বিধানসভায় হুমায়ুনের সাম্প্রদায়িক মন্তব্য নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
হুমায়ুনকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘‘আপনি কেন এগুলো করছেন, আমি জানি। আপনার দুটি রাজনৈতিক অ্যাজেন্ডা আছে। প্রথমটা হল, আপনি ভরতপুর-সহ আশেপাশের সব পঞ্চায়েত, যেখানে যে দল ক্ষমতায় আছে, তা ভেঙে নিজের পার্টিতে নিয়ে যাওয়া। সেটা করতে পারছেন না। আর ২-৩ মাসের মধ্যে ভোট আছে। রেজিনগরের আসন আপনি ছেড়ে দিয়ে নিজের ছেলেকে জেতাতে চাইছেন। মুসলিম ভোট সংঘবদ্ধ করতে আপনার এসব কথা।” এ প্রসঙ্গে সন্দেশখালির শাহজাহান শেখ, ক্যানিংয়ের শওকত মোল্লা, ফলতার জাহাঙ্গির খানদের পরিণতির কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকার এক জনসভা থেকে হুমায়ুনের স্পষ্ট হুঁশিয়ারি, ‘‘বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু, একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন লক্ষ লক্ষ মুসলমানদের জড়ো করে করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না।” তাঁর আরও চ্যালেঞ্জ, ‘‘কেস হবে? ওরকম কেস আমাদের বিরুদ্ধে অনেক আছে।” পরে শক্তিপুরের সভাতেও হুমায়ুনের হুঁশিয়ারি ছিল, ‘‘ভোটের আগেরদিন আমার ভাইপোকে গ্রেপ্তার করেছেন ওসি। তাঁকে আগে দেখব। তারপর ওর বাবাকে দেখব। ১০ হাজার লোক নিয়ে থানা ঘিরে থানা থেকে একে বের করব। পারলে রুখে দেখান।”